images

লাইফস্টাইল / স্বাস্থ্য পরামর্শ / পরামর্শ

হঠাৎ শ্বাসকষ্ট? হতে পারে হৃদরোগের নীরব সতর্কবার্তা

মঙ্গলবার, ২৩ জুন ২০২৬ , ০৮:৫৭ এএম

সিঁড়ি বেয়ে উঠতে গিয়ে হঠাৎ হাঁপিয়ে উঠছেন? অল্প হাঁটলেই দম ফুরিয়ে যাচ্ছে? অনেকেই এমন সমস্যাকে ক্লান্তি, বয়স বা ওজন বৃদ্ধির স্বাভাবিক ফল বলে মনে করেন। কিন্তু চিকিৎসকদের মতে, এই সাধারণ মনে হওয়া শ্বাসকষ্টই হতে পারে হৃদরোগের গুরুত্বপূর্ণ সতর্ক সংকেত।

বিশেষজ্ঞরা বলছেন, শ্বাসকষ্টের সমস্যা অনেক সময় ধীরে ধীরে বাড়ে। ফলে মানুষ সহজে বিষয়টি বুঝতে পারেন না। আগে যেখানে সহজেই সিঁড়ি ভেঙে ওঠা যেত, এখন সেখানে লিফটের প্রয়োজন হচ্ছে। আগে যে দূরত্ব অনায়াসে হাঁটা যেত, এখন তার আগেই দম ফুরিয়ে আসছে। এসব পরিবর্তনকে অবহেলা করা উচিত নয়।

গবেষণায় দেখা গেছে, যাদের শ্বাসকষ্টের সমস্যা রয়েছে, তাদের হৃদরোগ বা ফুসফুসজনিত জটিলতায় আক্রান্ত হওয়ার ঝুঁকি অন্যদের তুলনায় অনেক বেশি।

কেন হয় এমন শ্বাসকষ্ট?

চিকিৎসকদের মতে, হৃদযন্ত্রের বিভিন্ন সমস্যার কারণে শ্বাসকষ্ট দেখা দিতে পারে।

ধমনীতে বাধা:

হৃদপিণ্ডের ধমনীতে চর্বি জমে রক্ত চলাচল কমে গেলে শরীরে প্রয়োজনীয় অক্সিজেন পৌঁছাতে সমস্যা হয়। ফলে শারীরিক পরিশ্রমে শ্বাসকষ্ট দেখা দেয়।

হৃদযন্ত্রের কপাটের সমস্যা:

হৃদযন্ত্রের কপাট ঠিকমতো কাজ না করলে রক্ত সঞ্চালনে বাধা তৈরি হয়। এতে ক্লান্তি ও শ্বাসকষ্ট বাড়তে পারে।

আরও পড়ুন
Web-Image

আন্তর্জাতিক অলিম্পিক দিবস আজ

হৃদস্পন্দনের অনিয়ম:

হৃদস্পন্দন স্বাভাবিক না থাকলে হৃদযন্ত্রের কার্যক্ষমতা কমে যায়, যা শ্বাসকষ্টের কারণ হতে পারে।

হৃদপেশির দুর্বলতা:

হৃদযন্ত্রের পেশি দুর্বল হয়ে গেলে শরীরের প্রয়োজন অনুযায়ী রক্ত সরবরাহ করতে পারে না। ফলে শ্বাস নিতে কষ্ট হয়।

নারীদের ক্ষেত্রে বাড়তি সতর্কতা

বিশেষজ্ঞরা বলছেন, হৃদরোগের লক্ষণ পুরুষ ও নারীদের ক্ষেত্রে এক রকম নাও হতে পারে। অনেক নারীর ক্ষেত্রে বুকব্যথার পরিবর্তে শ্বাসকষ্ট, দুর্বলতা বা বমি বমি ভাবই হৃদরোগের প্রধান লক্ষণ হিসেবে দেখা দেয়। তাই সামান্য উপসর্গও গুরুত্বের সঙ্গে দেখা উচিত।

কখন দ্রুত চিকিৎসকের কাছে যাবেন?

নিয়মিত কাজের সময় যদি আগের তুলনায় বেশি শ্বাসকষ্ট অনুভব করেন, তাহলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন।

তবে নিচের লক্ষণগুলো দেখা দিলে দেরি না করে জরুরি চিকিৎসা নিতে হবে—

১. হঠাৎ তীব্র শ্বাসকষ্ট শুরু হলে
২. ঘুমের মধ্যে দমবন্ধ হয়ে জেগে উঠলে
৩. শুয়ে থাকলে শ্বাস নিতে কষ্ট হলে
৪. ঠোঁট বা নখ নীলচে হয়ে গেলে
৫. শরীরের সংকেতকে অবহেলা নয়

বিশেষজ্ঞদের মতে, শুরুর দিকেই সমস্যা শনাক্ত করা গেলে বড় ধরনের জটিলতা এড়ানো সম্ভব। তাই অল্পতেই হাঁপিয়ে ওঠা বা শ্বাসকষ্টকে বয়সের দোষ বলে উড়িয়ে না দিয়ে গুরুত্ব দেওয়া প্রয়োজন।

কারণ আপনার শ্বাসকষ্টই হয়তো জানিয়ে দিচ্ছে হৃদযন্ত্রের ভেতরে লুকিয়ে থাকা কোনো সমস্যার কথা।


আরটিভি/জেএমএ