images

লাইফস্টাইল

সিরিয়াস মুহূর্তেও হঠাৎ হেসে ফেলেন? জেনে নিন এর পেছনের কারণ 

বুধবার, ২৪ জুন ২০২৬ , ০২:৪৩ পিএম

খুব অস্বস্তিকর কোনো পরিস্থিতি, কঠিন প্রশ্নের মুখোমুখি হওয়া, সিরিয়াস কোনো সময়ে কিংবা হঠাৎ চাপের মধ্যে পড়ে অনেকেই না চাইলেও হেসে ফেলেন। বাইরে থেকে দেখে মনে হতে পারে, তিনি বিষয়টিকে গুরুত্ব দিচ্ছেন না বা মজা পাচ্ছেন। কিন্তু মনোবিজ্ঞান বলছে, বাস্তবতা ভিন্ন।

বিশেষজ্ঞদের মতে, চাপ, উদ্বেগ বা অস্বস্তিকর পরিস্থিতিতে হেসে ফেলা মানুষের একটি স্বাভাবিক মানসিক প্রতিক্রিয়া। এটি আসলে মনের ওপর চাপ কমানোর একটি অবচেতন কৌশল।

মনোবিজ্ঞানের ভাষায় এই ধরনের হাসিকে বলা হয় ‘নার্ভাস হাসি’। কেউ যখন মানসিকভাবে খুব চাপে থাকেন বা নিরাপত্তাহীনতা অনুভব করেন, তখন মস্তিষ্ক সেই অস্বস্তিকর আবেগ সামাল দেওয়ার চেষ্টা করে। এর ফলেই অনেক সময় অনিচ্ছাকৃতভাবে হাসি চলে আসে।

বিশেষজ্ঞরা বলছেন, এই হাসির সঙ্গে আনন্দের কোনো সম্পর্ক নেই। বরং এটি উদ্বেগ কমানোর একটি স্বাভাবিক উপায়। অনেকেই ভুল করে ফেললে, জনসমক্ষে কথা বলতে গেলে, নতুন মানুষের সঙ্গে পরিচিত হওয়ার সময় বা সমালোচনার মুখে পড়ে হেসে ফেলেন। এর মাধ্যমে তারা নিজের অস্বস্তি আড়াল করার চেষ্টা করেন এবং পরিস্থিতিকে কিছুটা সহজ করে তুলতে চান।

আরও পড়ুন
Web-Image

কফিতে এক চিমটি লবণ মিশিয়ে খেলে কী হয় 

গবেষণায় দেখা গেছে, হাসি শরীরে ইতিবাচক প্রভাব ফেলে। এটি মানসিক চাপ কমাতে সাহায্য করে এবং শরীরকে দ্রুত স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে ভূমিকা রাখে। তাই অনেক ক্ষেত্রে এই হাসি মস্তিষ্কের একটি প্রতিরক্ষামূলক ব্যবস্থা হিসেবেও কাজ করে।

বিশেষজ্ঞদের মতে, অতিরিক্ত উদ্বেগ, আত্মবিশ্বাসের ঘাটতি বা অন্যের বিচার নিয়ে ভয় থেকেও এমন প্রবণতা দেখা দিতে পারে। তবে যদি চাপের মুখে অনিয়ন্ত্রিতভাবে হাসার কারণে ব্যক্তিগত বা পেশাগত জীবনে সমস্যা তৈরি হয়, তাহলে বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা প্রয়োজন।

মনোবিজ্ঞানীরা বলছেন, চাপের মুহূর্তে হেসে ফেলা কোনো দুর্বলতা নয়, আবার অস্বাভাবিক আচরণও নয়। এটি মানুষের আবেগ নিয়ন্ত্রণের একটি স্বাভাবিক প্রক্রিয়া। তাই কাউকে এমন পরিস্থিতিতে হাসতে দেখলে তাকে ভুল বোঝার আগে মনে রাখা দরকার, তিনি হয়তো ভেতরে ভেতরে উদ্বেগ, চাপ বা অস্বস্তির সঙ্গে লড়াই করছেন।


আরটিভি/জেএমএ