images

লাইফস্টাইল / স্বাস্থ্য পরামর্শ / পরামর্শ

সবজি দেখলেই মুখ ঘুরিয়ে নেয় শিশু? সহজ ৬ উপায়েই বদলে যাবে অভ্যাস

বুধবার, ০১ জুলাই ২০২৬ , ০৩:৫০ পিএম

অনেক বাবা-মায়েরই এক অভিযোগ— শিশু সবজি দেখলেই মুখ ফিরিয়ে নেয়। ভাত, মাংস বা ভাজা খাবার খেতে আগ্রহ থাকলেও ব্রকোলি, পালং শাক বা অন্য সবজি খাওয়ানো যেন এক যুদ্ধ। তবে শিশুদের জোর করে খাওয়ানোর বদলে কিছু সহজ কৌশল অনুসরণ করলে ধীরে ধীরে সবজির প্রতি আগ্রহ তৈরি হতে পারে বলে জানিয়েছেন গবেষকেরা।

বিশেষজ্ঞদের মতে, ছোটবেলার খাবারের অভ্যাসই ভবিষ্যতের খাদ্যাভ্যাস গড়ে দেয়। তাই শিশুদের নিয়মিত ফল ও সবজি খাওয়ানোর অভ্যাস তৈরি করা জরুরি। কারণ অপুষ্টিকর খাবার শুধু শরীর নয়, মনোযোগ, স্মৃতিশক্তি, আচরণ এবং পড়াশোনার ফলাফলেও প্রভাব ফেলতে পারে।

বারবার সবজি দিন

গবেষকদের মতে, একবার না খেলেই হাল ছেড়ে দেওয়া ঠিক নয়। একই সবজি কয়েকবার দিলে ধীরে ধীরে শিশুরা সেই স্বাদে অভ্যস্ত হয়ে যায়। বিশেষ করে পাঁচ বছরের আগেই এই অভ্যাস গড়ে তোলা সবচেয়ে কার্যকর।

আরও পড়ুন
Web-Image

হঠাৎ রক্তে সুগার কমলেই ঝুঁকিতে পড়ে মস্তিষ্ক, কীভাবে বাঁচবেন?

খাবারের শুরুতেই সবজি দিন

শিশুরা যখন সবচেয়ে বেশি ক্ষুধার্ত থাকে, তখন প্রথমেই সবজি দিলে তা খাওয়ার সম্ভাবনা বাড়ে। পরে অন্য খাবার খেয়ে পেট ভরে গেলে অনেকেই আর সবজি খেতে চায় না।

পাতে সবজির পরিমাণ বাড়ান

খাবারের সঙ্গে আলাদা করে বেশি পরিমাণ সবজি রাখুন। চাইলে গাজর, লাউ বা অন্যান্য সবজি কুচি করে রান্নার মধ্যেও মিশিয়ে দিতে পারেন। এতে খাবারের পুষ্টিগুণও বাড়বে।

সবজিকে আকর্ষণীয় করে পরিবেশন করুন

শিশুরা চোখ দিয়ে আগে খাবার পছন্দ করে। তাই ফুল, প্রজাপতি বা মজার আকৃতিতে কেটে সবজি পরিবেশন করলে আগ্রহ বাড়তে পারে। ছোট ছোট ভাগ করে সাজিয়ে দিলেও তারা সহজে খেতে চায়।

পরিবারের সবাই একসঙ্গে খাওয়ার অভ্যাস করুন

শিশুরা বড়দের দেখেই শেখে। বাবা-মা যদি নিয়মিত সবজি খান, তাহলে শিশুরাও সেই অভ্যাস গড়ে তোলে। গবেষণায় দেখা গেছে, পরিবারের সঙ্গে নিয়মিত খাওয়া শিশুদের খাদ্যাভ্যাস তুলনামূলক ভালো হয়।

খাবার নিয়ে আনন্দের পরিবেশ তৈরি করুন

শিশুকে জোর করে সবজি খাওয়ানো ঠিক নয়। এতে উল্টো খাবারের প্রতি অনীহা তৈরি হতে পারে। বরং সবজি স্পর্শ করতে, গন্ধ নিতে, ধুতে বা রান্নায় ছোটখাটো সাহায্য করতে উৎসাহ দিন। এতে নতুন খাবারের প্রতি ভয় কমে এবং আগ্রহ বাড়ে।

বিশেষজ্ঞরা বলছেন, শিশুদের স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস গড়ে তুলতে ধৈর্যই সবচেয়ে বড় উপায়। চাপ নয়, বরং নিয়মিত পরিচয়, সুন্দর পরিবেশন এবং পরিবারের ইতিবাচক অভ্যাসই শিশুদের সবজি খাওয়ায় আগ্রহী করে তুলতে পারে।

সূত্র: বিবিসি


আরটিভি/জেএমএ