images

লাইফস্টাইল / পরামর্শ

বৃষ্টির দিনে মন কেন খিচুড়ি খিচুড়ি করে

শনিবার, ১১ জুলাই ২০২৬ , ০২:৩১ পিএম

আকাশজুড়ে কালো মেঘ, টুপটাপ বৃষ্টির শব্দ আর সঙ্গে ধোঁয়া ওঠা গরম খিচুড়ি—এই দৃশ্য যেন বাঙালির চিরচেনা আবেগ। বৃষ্টি শুরু হলেই অনেকের মন বলে ওঠে, ‘আজ খিচুড়ি হলে বেশ হতো’। কিন্তু কখনো ভেবে দেখেছেন, বৃষ্টি আর খিচুড়ির এই গভীর সম্পর্কের কারণ কী?

খিচুড়ি শুধু একটি খাবার নয়, এটি বাঙালির দীর্ঘদিনের খাদ্যঐতিহ্যের অংশ। পোলাও চালের ভুনা খিচুড়ি, পাতলা ঝোলের খিচুড়ি, সবজি খিচুড়ি কিংবা মাংসের খিচুড়ি—প্রতিটি ধরনেরই রয়েছে আলাদা জনপ্রিয়তা।

ইতিহাস বলছে, একসময় বাউলদের অন্যতম প্রধান খাবার ছিল খিচুড়ি। গ্রামেগঞ্জে গান গেয়ে মানুষজনের কাছ থেকে পাওয়া চাল ও ডাল একসঙ্গে রান্না করেই তারা খেতেন। সেখান থেকেই ধীরে ধীরে খিচুড়ির প্রচলন ছড়িয়ে পড়ে।

আরও পড়ুন
Web-Image

পারফিউম ছাড়াই দূর হবে ঘামের দুর্গন্ধ

গ্রামবাংলায় বর্ষাকালে চারদিকে পানি জমে যেত। বাজারে যাওয়া কঠিন হয়ে পড়ত। তখন ঘরে থাকা চাল-ডাল দিয়েই সহজে রান্না করা হতো খিচুড়ি। অনেক সময় আলু বা গাছের সবজিও মিশিয়ে তৈরি হতো সবজি খিচুড়ি। বৃষ্টিতে ভেজা কাঠে রান্না করতে সময় লাগলেও খিচুড়ি তুলনামূলক কম সময়েই তৈরি করা যেত। তাই বর্ষার দিনের সবচেয়ে সহজ ও সুবিধাজনক খাবার হয়ে ওঠে এটি।

সময়ের সঙ্গে সেই প্রয়োজনই পরিণত হয়েছে বাঙালির ঐতিহ্যে। এখনো বৃষ্টি নামলেই অনেক পরিবারের রান্নাঘরে প্রথম পছন্দ খিচুড়ি।

পুষ্টিবিদদের মতে, বর্ষাকালে তাপমাত্রা কিছুটা কমে যাওয়ায় শরীর স্বাভাবিকভাবেই গরম খাবারের প্রতি আকৃষ্ট হয়। খিচুড়ি নরম, সহজপাচ্য এবং পুষ্টিকর হওয়ায় এটি এই সময়ের জন্য উপযোগী খাবার। এতে থাকা শর্করা ও প্রোটিন শরীরকে প্রয়োজনীয় শক্তি জোগায় এবং দীর্ঘ সময় পেট ভরা রাখে।

আবার অনেকের কাছে বৃষ্টির দিনের খিচুড়ি মানেই শৈশবের স্মৃতি। মায়ের হাতে রান্না করা ধোঁয়া ওঠা খিচুড়ির স্বাদ, পরিবারের সবাইকে নিয়ে একসঙ্গে খাওয়ার মুহূর্ত—এসব স্মৃতিই বৃষ্টি নামলেই আবার মনে পড়ে।

তাই বৃষ্টি আর খিচুড়ির সম্পর্ক শুধু স্বাদের নয়, এটি ঐতিহ্য, স্মৃতি, আবেগ এবং প্রয়োজনের মিশেলে গড়ে ওঠা এক চিরচেনা বাঙালি অনুভূতি।


আরটিভি/জেএমএ