শনিবার, ১১ জুলাই ২০২৬ , ০৫:৩৪ পিএম
ভ্রমণ, পড়াশোনা কিংবা চাকরির জন্য দেশ-বিদেশে যাওয়ার পরিকল্পনা করছেন? ভালো মানের লাগেজ কিনতে বেশি টাকা খরচ করতে না চাইলে রাজধানীর বায়তুল মোকাররম মসজিদ মার্কেট হতে পারে আপনার জন্য দারুণ একটি ঠিকানা। কম দামে টেকসই ও নানা ধরনের লাগেজের জন্য দীর্ঘদিন ধরেই পরিচিত এই বাজার।
একসময় এই জায়গাটি ব্যাগের বাজার বা চামড়ার বাজার নামে পরিচিত ছিল। এখন সবাই একে লাগেজ বাজার বলেই চেনে। এখানে প্রায় ৫০টি দোকানে দেশি-বিদেশি নানা ধরনের লাগেজ বিক্রি হয়।
জানা যায়, ১৯৬৮ সালের দিকে এই বাজারে লাগেজের ব্যবসা শুরু হয়। আশির দশকে মধ্যপ্রাচ্যে কর্মসংস্থানের সুযোগ বাড়ার পর বাজারটি আরও জনপ্রিয় হয়ে ওঠে। সময়ের সঙ্গে লোহার ট্রাংক ও ভারী স্যুটকেসের জায়গা দখল করে নেয় আধুনিক চাকাওয়ালা ট্রলি ব্যাগ।
কী ধরনের লাগেজ পাওয়া যায়
বাজারে ঢুকলেই চোখে পড়বে বিভিন্ন রঙের চার চাকার ট্রলি ব্যাগ। লাল, নীল, কালো, বাদামি থেকে শুরু করে নানা রঙের লাগেজ সাজানো থাকে দোকানজুড়ে।
বর্তমানে সবচেয়ে বেশি বিক্রি হচ্ছে জলরোধী শক্ত ফাইবারের লাগেজ। এগুলোতে ভেতরের জিনিসপত্র নিরাপদ থাকে। পাশাপাশি কাপড়ের তৈরি ট্রলি ব্যাগও পাওয়া যায়। যাঁরা বাড়তি পকেট বা বেশি জায়গা চান, তাঁদের কাছে এই ধরনের ব্যাগের চাহিদা বেশি।
কোন সাইজ কার জন্য
ছোট বা ২০ ইঞ্চির লাগেজ ১ থেকে ৩ দিনের ভ্রমণের জন্য উপযুক্ত। এটি বিমানের কেবিনেও নেওয়া যায়।
মাঝারি বা ২৪ ইঞ্চির লাগেজ ৪ থেকে ৭ দিনের ভ্রমণের জন্য সবচেয়ে বেশি জনপ্রিয়। এতে সহজেই ১৫ থেকে ২০ কেজি পর্যন্ত মালপত্র রাখা যায়।
বড় বা ২৮ থেকে ৩২ ইঞ্চির লাগেজ দীর্ঘদিনের ভ্রমণ, বিদেশে পড়াশোনা কিংবা চাকরির জন্য বেশি উপযোগী। এতে ২৩ থেকে ৩২ কেজি পর্যন্ত মালপত্র বহন করা যায়।
দেশি-বিদেশি নানা ব্র্যান্ড
এই বাজারে আন্তর্জাতিক ও দেশি—দুই ধরনের লাগেজই পাওয়া যায়। বিভিন্ন মান, নকশা ও দামের কারণে ক্রেতারা নিজের প্রয়োজন অনুযায়ী সহজেই পছন্দের লাগেজ বেছে নিতে পারেন।
কত দাম
কাপড়ের লাগেজের দাম শুরু হয় প্রায় আড়াই হাজার টাকা থেকে, যা পাঁচ হাজার টাকার মধ্যে পাওয়া যায়।
অন্যদিকে ফাইবারের লাগেজের দাম শুরু হয় প্রায় তিন হাজার টাকা থেকে। মান ও ব্র্যান্ডভেদে এর দাম ১৪ হাজার টাকা পর্যন্ত হতে পারে।
বেশিরভাগ লাগেজের সঙ্গে অন্তত দুই বছরের বিক্রয়-পরবর্তী সেবা সুবিধা পাওয়া যায়। চাকা, জিপার বা তালার সমস্যারও দ্রুত সমাধান করা হয়।
কখন যাবেন
শুক্রবার বাজার বন্ধ থাকে। অন্য দিনগুলোতে সকাল ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত দোকান খোলা থাকে।
বাস কিংবা মেট্রোরেলে খুব সহজেই বায়তুল মোকাররম মসজিদ মার্কেটে যাওয়া যায়। মেট্রোরেলে গেলে বাংলাদেশ সচিবালয় স্টেশনে নেমে অল্প হাঁটলেই পৌঁছে যাওয়া সম্ভব এই জনপ্রিয় লাগেজ বাজারে।
আরটিভি/জেএমএ