images

লাইফস্টাইল / রূপচর্চা

শ্যাম্পুর পরও মাথা পরিষ্কার হচ্ছে না? ব্যবহার করুন এই প্রাকৃতিক উপায়

রোববার, ১২ জুলাই ২০২৬ , ০৪:০১ পিএম

নিয়মিত শ্যাম্পু করার পরও অনেকের মাথার ত্বকে ময়লা, তেল বা খুশকি জমে থাকে। এতে চুল দ্রুত নোংরা হয়ে যায়, চুলকানি বাড়ে এবং চুল পড়ার সমস্যাও দেখা দিতে পারে। বিশেষজ্ঞদের মতে, প্রাকৃতিক কিছু উপাদান সঠিকভাবে ব্যবহার করলে মাথার ত্বক আরও ভালোভাবে পরিষ্কার রাখা সম্ভব। এ ক্ষেত্রে আপেলের ভিনিগার হতে পারে কার্যকর একটি উপাদান।

আপেলের ভিনিগারের প্রাকৃতিক অম্লীয় উপাদান মাথার ত্বকের স্বাভাবিক ভারসাম্য বজায় রেখে ময়লা ও খুশকি পরিষ্কার করতে সাহায্য করে। তবে এটি কখনোই সরাসরি মাথার ত্বকে ব্যবহার করা উচিত নয়। এতে ত্বক স্পর্শকাতর হয়ে যেতে পারে। তাই অবশ্যই পানির সঙ্গে মিশিয়ে ব্যবহার করতে হবে।

আরও পড়ুন
Web-Image

বর্ষায় লুফাই হতে পারে ত্বকের শত্রু, জানুন নিরাপদ রাখার উপায়

যে উপাদানগুলো মিশিয়ে ব্যবহার করতে পারেন

চুলের যত্নে আপেলের ভিনিগারের সঙ্গে অ্যালোভেরা জেল ও রোজমেরি ব্যবহার করা যেতে পারে। রোজমেরি চুল পড়া কমাতে এবং নতুন চুল গজাতে সহায়তা করে। অন্যদিকে অ্যালোভেরা জেল মাথার ত্বকের প্রদাহ কমায় এবং আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে।

এছাড়া মধু ও সবুজ চাও আপেলের ভিনিগারের সঙ্গে ব্যবহার করা যায়। মধু চুলকে নরম ও উজ্জ্বল রাখে এবং ত্বককে সংক্রমণ থেকে সুরক্ষা দেয়। অন্যদিকে সবুজ চায়ে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট চুলের গোড়া সুস্থ রাখতে সহায়তা করে।

যেভাবে ব্যবহার করবেন

এক টেবিল চামচ আপেলের ভিনিগারের সঙ্গে এক কাপ ঠান্ডা পানি মিশিয়ে নিন। এরপর এতে অ্যালোভেরা জেল ও রোজমেরি অথবা মধু ও সবুজ চা মিশিয়ে একটি মিশ্রণ তৈরি করুন।

প্রথমে শ্যাম্পু দিয়ে চুল ভালোভাবে ধুয়ে নিন। এরপর তৈরি করা মিশ্রণটি মাথার ত্বক ও চুলে লাগিয়ে দুই থেকে তিন মিনিট অপেক্ষা করুন। পরে পরিষ্কার পানি দিয়ে ভালোভাবে ধুয়ে ফেলুন।

কতবার ব্যবহার করবেন?

বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী, এই মিশ্রণ সপ্তাহে একবার ব্যবহার করাই যথেষ্ট। নিয়ম মেনে ব্যবহার করলে মাথার ত্বকে জমে থাকা ময়লা পরিষ্কার হবে, খুশকি কমবে এবং চুল দীর্ঘ সময় সতেজ ও পরিষ্কার থাকবে।


আরটিভি/জেএমএ