images

লাইফস্টাইল / স্বাস্থ্য পরামর্শ / পরামর্শ

গাব খাওয়ার এত স্বাস্থ্য উপকারিতা জানলে অবাক হবেন

মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ , ১০:০২ এএম

বর্ষা এলেই বাজারে দেখা মেলে দেশি মৌসুমি ফল গাবের। একসময় গ্রামবাংলার পরিচিত এই ফল এখন শহরের ফলের দোকান ও ভ্রাম্যমাণ বিক্রেতাদের কাছেও সহজেই পাওয়া যায়। স্বাদে অনন্য এই ফল শুধু জিভের তৃপ্তিই দেয় না, শরীরের জন্যও বয়ে আনে নানা উপকার। তাই পুষ্টিবিদরা মৌসুমে খাদ্যতালিকায় গাব রাখার পরামর্শ দিচ্ছেন।

গাবের দুটি জাত রয়েছে—দেশি গাব ও বিলিতি গাব। এর মধ্যে বিলিতি গাবের জনপ্রিয়তা বেশি। গাঢ় বেগুনি-লাল রঙের এই ফলের খোসা মখমলের মতো নরম। খোসা ছাড়াতেই বের হয় মিষ্টি সুগন্ধ। ভেতরের দুধ-সাদা শাঁস খুব বেশি মিষ্টি না হলেও মুখে দিলেই মাখনের মতো গলে যায়।

বিশেষজ্ঞদের মতে, গাবে রয়েছে শরীরের জন্য প্রয়োজনীয় নানা পুষ্টি উপাদান। প্রতি ১০০ গ্রাম গাবে রয়েছে প্রায় ৫০৪ কিলোক্যালরি খাদ্যশক্তি, প্রচুর পানি, আমিষ, শর্করা, খাদ্য আঁশ, ক্যালসিয়াম, ফসফরাস, পটাশিয়াম, লোহা, ভিটামিন এ ও ভিটামিন সি। এসব উপাদান শরীরকে সুস্থ রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

আরও পড়ুন
Web-Image

প্রতিদিন সকালে ওটস খেলে শরীরে কী পরিবর্তন আসে

গাবের অন্যতম বড় গুণ হলো এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট। এই উপাদান শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। পাশাপাশি সর্দি, জ্বর, কাশি ও বিভিন্ন সংক্রমণের ঝুঁকি কমাতেও সহায়ক হতে পারে।

শুধু তাই নয়, গাবে থাকা উচ্চমাত্রার খাদ্যশক্তি শরীরের দুর্বলতা দূর করতে সাহায্য করে। ক্যালসিয়াম হাড় মজবুত রাখতে ভূমিকা রাখে, আর পটাশিয়াম ও অন্যান্য খনিজ উপাদান রক্তচাপ নিয়ন্ত্রণে সহায়তা করে। একই সঙ্গে ডায়াবেটিস নিয়ন্ত্রণেও গাব উপকারী বলে মনে করেন বিশেষজ্ঞরা।

যাদের কোষ্ঠকাঠিন্যের সমস্যা রয়েছে, তাদের জন্যও গাব উপকারী হতে পারে। এতে থাকা খাদ্য আঁশ হজমে সাহায্য করে এবং মলত্যাগ স্বাভাবিক রাখতে ভূমিকা রাখে। নিয়মিত আঁশযুক্ত খাবার খেলে অন্ত্রের সুস্থতা বজায় থাকে এবং কোলন ক্যানসারের ঝুঁকিও কমতে পারে।

হৃদ্‌স্বাস্থ্য ভালো রাখতেও গাবের ভূমিকা রয়েছে। এতে থাকা ফসফরাস ও অন্যান্য খনিজ উপাদান হৃদ্‌রোগ ও স্ট্রোকের ঝুঁকি কমাতে সহায়তা করতে পারে। এছাড়া গাবের খোসার রস আমাশয় ও পাতলা পায়খানার মতো সমস্যায়ও উপকার দিতে পারে বলে প্রচলিত ধারণা রয়েছে।

একসময় অর্থনৈতিক গুরুত্ব কম থাকলেও বর্তমানে গাবের চাহিদা অনেক বেড়েছে। স্বাদ ও পুষ্টিগুণ—দুই দিক থেকেই এটি একটি উপকারী মৌসুমি ফল। তাই মৌসুমে নিয়মিত পরিমিত পরিমাণে গাব খেলে শরীর যেমন প্রয়োজনীয় পুষ্টি পাবে, তেমনি নানা রোগের ঝুঁকি কমাতেও সহায়তা করবে।


আরটিভি/জেএমএ