images

লাইফস্টাইল / পরামর্শ

ভ্রমণের আগে লাগেজের আকার ঠিক করুন, বাঁচান সময় ও খরচ

বুধবার, ১৫ জুলাই ২০২৬ , ০৯:১৫ এএম

ভ্রমণে বের হওয়ার আগে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রস্তুতিগুলোর একটি হলো সঠিক আকারের ভ্রমণ ব্যাগ নির্বাচন। ব্যাগ ছোট হলে প্রয়োজনীয় জিনিস নেওয়া কঠিন হয়ে যায়, আবার অতিরিক্ত বড় ব্যাগ অযথা ঝামেলা ও বাড়তি খরচের কারণ হতে পারে। তাই গন্তব্য, ভ্রমণের সময় এবং যাতায়াতের ধরন বিবেচনা করে ব্যাগ নির্বাচন করাই সবচেয়ে ভালো।

বিশেষজ্ঞরা বলছেন, ভ্রমণের সময় অনুযায়ী ব্যাগের আকার ঠিক করা উচিত। এক থেকে তিন দিনের ভ্রমণের জন্য ছোট হাতব্যাগই যথেষ্ট। চার থেকে সাত দিনের সফরের জন্য মাঝারি আকারের ব্যাগ সুবিধাজনক। আর আট দিনের বেশি সময়ের ভ্রমণ হলে বড় আকারের ব্যাগ ব্যবহার করাই ভালো।

ছোট হাতব্যাগে সাধারণত প্রয়োজনীয় কাগজপত্র, মোবাইল, ওষুধ, প্রসাধনসামগ্রী এবং একটি কম্পিউটার রাখা যায়। এই ধরনের ব্যাগ সহজেই সামনের আসনের নিচে রাখা সম্ভব।

মাঝারি আকারের ব্যাগ এক সপ্তাহের ভ্রমণের জন্য উপযোগী। এতে প্রয়োজনীয় পোশাক ও অন্যান্য সামগ্রী রাখা যায়, আবার বহন করাও তুলনামূলক সহজ। দীর্ঘ ভ্রমণ বা পরিবারের সদস্যদের একসঙ্গে জিনিসপত্র বহনের জন্য বড় ব্যাগ বেশি উপযোগী। তবে অতিরিক্ত বড় ব্যাগ ব্যবহার করলে অনেক সময় বাড়তি ভাড়া গুনতে হতে পারে।

ব্যাগ নির্বাচন করার আগে ভ্রমণের ধরনও বিবেচনায় রাখা জরুরি। অবকাশযাপন, কর্মসূত্রে সফর, পারিবারিক ভ্রমণ কিংবা পাহাড়-সমুদ্রের মতো বিশেষ গন্তব্য—প্রতিটি ক্ষেত্রেই প্রয়োজন ভিন্ন হতে পারে। একই সঙ্গে আবহাওয়ার বিষয়টিও গুরুত্বপূর্ণ। শীতপ্রধান এলাকায় ভ্রমণ করলে মোটা পোশাকের জন্য বেশি জায়গা প্রয়োজন হয়, আর গরম অঞ্চলে তুলনামূলক কম জায়গাতেই প্রয়োজনীয় জিনিস রাখা সম্ভব।

আরও পড়ুন
Web-Image

বর্ষায় কাপড় শুকাতে ঝামেলা? সহজ উপায়ে দূর করুন ভেজা গন্ধ

নিজের জিনিস গুছিয়ে নেওয়ার অভ্যাসও ব্যাগ নির্বাচনে প্রভাব ফেলে। যারা কম জিনিস নিয়ে ভ্রমণ করেন, তাদের জন্য ছোট ব্যাগই যথেষ্ট। আর যারা বেশি পোশাক বা অতিরিক্ত প্রয়োজনীয় সামগ্রী সঙ্গে রাখেন, তাদের বড় ব্যাগ বেছে নেওয়া উচিত।

বিশেষজ্ঞরা আরও বলছেন, ভ্রমণের আগে যে পরিবহনে যাওয়া হবে, তার নিয়ম জেনে নেওয়া প্রয়োজন। অনেক বিমান, ট্রেন বা বাসে ব্যাগের আকার ও ওজনের নির্দিষ্ট সীমা থাকে। নির্ধারিত সীমার বেশি হলে বাড়তি অর্থ গুনতে হতে পারে।

ভ্রমণের আগে ব্যাগের ওজন মেপে নেওয়ার পরামর্শও দিয়েছেন তারা। অতিরিক্ত জিনিস না নেওয়া এবং প্রয়োজনীয় সামগ্রী গুছিয়ে রাখলে ব্যাগ বহন করা সহজ হয়। খুব বেশি ভরে ফেললে ব্যাগের ক্ষতি হওয়ার ঝুঁকিও বাড়ে।

বিশেষজ্ঞদের মতে, ভ্রমণের আনন্দ অনেকটাই নির্ভর করে সঠিক প্রস্তুতির ওপর। তাই সফরের সময়, গন্তব্য, আবহাওয়া এবং যাতায়াতের নিয়ম মাথায় রেখে সঠিক আকারের ভ্রমণ ব্যাগ বেছে নিলে যাত্রা হবে আরও আরামদায়ক ও ঝামেলামুক্ত।


আরটিভি/জেএমএ