মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬ , ০৯:৪৭ এএম
রক্তস্বল্পতা কমাতে শুধু ওষুধ খেলেই হবে না, কখন, কীভাবে এবং কোন খাবারের সঙ্গে খাচ্ছেন—সেটিও সমান গুরুত্বপূর্ণ। ছোট্ট একটি ভুলেই কমে যেতে পারে আয়রন শোষণের ক্ষমতা।
শরীরে আয়রনের ঘাটতি ধরা পড়লে অনেকেই চিকিৎসকের পরামর্শে আয়রনের ওষুধ খেতে শুরু করেন। কিন্তু নিয়মিত ওষুধ খাওয়ার পরও অনেকের রক্তাল্পতা কমে না। বিশেষজ্ঞদের মতে, এর অন্যতম কারণ হতে পারে ওষুধ খাওয়ার ভুল নিয়ম।
বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী, আয়রনের ওষুধ খালি পেটে খেলে শরীর সবচেয়ে ভালোভাবে আয়রন শোষণ করতে পারে। তবে খালি পেটে খেলে যদি বমি ভাব, পেটব্যথা বা কোষ্ঠকাঠিন্যের মতো সমস্যা হয়, তাহলে ওষুধ বন্ধ না করে অল্প হালকা খাবারের সঙ্গে খাওয়া যেতে পারে। তবে চিকিৎসকের পরামর্শ ছাড়া নিজের ইচ্ছামতো নিয়ম পরিবর্তন করা উচিত নয়।
শুধু ওষুধ খেলেই হবে না, কোন খাবারের সঙ্গে খাচ্ছেন সেটিও খুব গুরুত্বপূর্ণ। কারণ কিছু খাবার শরীরে আয়রন শোষণ কমিয়ে দেয়। চা, কফি, দুধ এবং ক্যালসিয়ামসমৃদ্ধ খাবার বা ক্যালসিয়ামের ওষুধ আয়রনের ওষুধের সঙ্গে বা কাছাকাছি সময়ে খেলে শরীর ঠিকমতো আয়রন গ্রহণ করতে পারে না। একই সমস্যা কিছু অম্বলের ওষুধের ক্ষেত্রেও হতে পারে। তাই এসব খাবার বা ওষুধের সঙ্গে আয়রনের ওষুধ খাওয়ার মধ্যে কিছুটা সময়ের ব্যবধান রাখা প্রয়োজন।
অন্যদিকে, ভিটামিন সি শরীরে আয়রন শোষণ বাড়াতে সাহায্য করে। তাই খাদ্যতালিকায় আমলকি, পেয়ারা, কাঁচা মরিচ, সজনেডাঁটা, লাল ক্যাপসিকাম, ব্রকলি, কমলা, পেঁপে, মাল্টা ও পাতিলেবুর মতো ভিটামিন সি–সমৃদ্ধ খাবার রাখা উপকারী। তবে আলাদা করে ভিটামিন সি–এর ওষুধ প্রয়োজন কি না, তা চিকিৎসকই নির্ধারণ করবেন।
বিশেষজ্ঞদের মতে, মাঝপথে ওষুধ বন্ধ করে দেওয়া, নিয়মিত না খাওয়া, চিকিৎসকের পরামর্শের চেয়ে বেশি মাত্রায় খাওয়া বা অন্য ওষুধের সঙ্গে একসঙ্গে খাওয়ার মতো ভুলও আয়রনের কার্যকারিতা কমিয়ে দিতে পারে।
তাই রক্তস্বল্পতা থেকে মুক্তি পেতে শুধু আয়রনের ওষুধ খেলেই হবে না, চিকিৎসকের পরামর্শ মেনে সঠিক সময়ে এবং সঠিক নিয়মে ওষুধ খাওয়াও সমান জরুরি।
আরটিভি/জেএমএ