images

লাইফস্টাইল / পরামর্শ

রুপার গয়না চকচকে রাখার সহজ কৌশল

মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬ , ০৩:০৬ পিএম

সোনার পাশাপাশি এখন রুপার গয়নার জনপ্রিয়তাও দ্রুত বাড়ছে। আধুনিক নকশা, কম খরচ এবং আভিজাত্যপূর্ণ সৌন্দর্যের কারণে অনেকেরই প্রথম পছন্দ এখন রুপার গয়না। তবে একটি সমস্যায় প্রায় সবাই পড়েন। কয়েক দিন ব্যবহার বা রেখে দিলেই গয়নায় কালো দাগ পড়ে যায়। কেন এমন হয় এবং কীভাবে এই সমস্যা দূর করবেন, তা জানা থাকলে রুপার গয়না দীর্ঘদিন নতুনের মতো রাখা সম্ভব।

বিশেষজ্ঞদের মতে, খাঁটি রুপা, অক্সিডাইজ়ড রুপো এবং মিশ্র রুপা—সব ধরনের রুপোর গয়নাই বাতাস ও আর্দ্রতার সংস্পর্শে এসে ধীরে ধীরে কালো হয়ে যায়। এই কালো আস্তরণকেই বলা হয় টার্নিশ। এতে গয়নার উজ্জ্বলতা কমে যায়। তবে দামি রাসায়নিক ব্যবহার না করেও ঘরোয়া উপায়ে সহজেই এই দাগ দূর করা সম্ভব। 

রুপার গয়না পরিষ্কার রাখতে নিয়মিত তরল সাবান ও নরম স্পঞ্জ দিয়ে আলতোভাবে ধুয়ে নিতে পারেন। এরপর পরিষ্কার পানি দিয়ে ধুয়ে সঙ্গে সঙ্গে শুকনো কাপড় দিয়ে ভালোভাবে মুছে ফেলতে হবে। গয়নার খাঁজে যেন পানি জমে না থাকে, সেদিকেও খেয়াল রাখা জরুরি।

আরও পড়ুন
Web-Image

কালো কিশমিশ কেন বেশি উপকারী

কালো দাগ দূর করতে অ্যালুমিনিয়াম পাতাও কার্যকর হতে পারে। একটি পাত্রে অ্যালুমিনিয়াম পাতা বিছিয়ে তার ওপর গরম পানি ঢেলে কয়েক মিনিট রুপার গয়না রেখে দিন। এরপর তুলে শুকনো কাপড় দিয়ে মুছে নিলেই অনেকটা পরিষ্কার হয়ে যাবে। প্রয়োজন হলে নরম ব্রাশ দিয়ে হালকা ঘষে নিতে পারেন।

গয়নায় যদি জেদি কালো দাগ পড়ে, তাহলে চকের গুঁড়া ও পানি মিশিয়ে ঘন পেস্ট তৈরি করে গয়নায় লাগিয়ে কিছুক্ষণ রেখে নরম কাপড় দিয়ে আলতোভাবে ঘষে পরিষ্কার করুন। এরপর পানি দিয়ে ধুয়ে শুকিয়ে নিলে গয়নার উজ্জ্বলতা অনেকটাই ফিরে আসবে।

শুধু পরিষ্কার করলেই হবে না, রুপার গয়না সঠিকভাবে সংরক্ষণ করাও জরুরি। ঠান্ডা ও শুকনো জায়গায় গয়না রাখুন। টিস্যু কাগজে বা বিশেষ কাপড়ে মুড়িয়ে সংরক্ষণ করলে বাতাস ও আর্দ্রতার প্রভাব কম পড়ে। গয়নার বাক্সে সিলিকা জেল বা আর্দ্রতা শোষণকারী প্যাকেট রাখলেও গয়না দীর্ঘদিন ভালো থাকে। 

যা জানা জরুরি:

১. বাতাস ও আর্দ্রতার কারণে রুপার গয়নায় কালো আস্তরণ পড়ে।
২. তরল সাবান ও নরম স্পঞ্জ দিয়ে নিয়মিত পরিষ্কার করলে গয়না ভালো থাকে।
৩. অ্যালুমিনিয়াম পাতা ও গরম পানি কালো দাগ দূর করতে সাহায্য করে।
৪. চকের গুঁড়ার পেস্ট জেদি দাগ পরিষ্কার করতে কার্যকর।
৫. ঠান্ডা ও শুকনো জায়গায় সংরক্ষণ করলে রুপার গয়না দীর্ঘদিন উজ্জ্বল থাকে।


আরটিভি/জেএমএ