শুক্রবার, ০৭ আগস্ট ২০২৬ , ০৩:৫০ পিএম
ডায়াবিটিসে আক্রান্ত ব্যক্তিদের খাবার নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে জলখাবারে কী খাবেন, তা নিয়ে অনেকেরই দ্বিধা থাকে। বাঙালির পরিচিত দুই খাবার মুড়ি ও চিঁড়া— এর মধ্যে কোনটি রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখতে বেশি সহায়ক, সে বিষয়ে বিশেষজ্ঞরা চিঁড়াকেই এগিয়ে রাখছেন।
বিশেষজ্ঞদের মতে, চিঁড়ার শর্করা বৃদ্ধির সূচক তুলনামূলক কম। তাই এটি খেলে রক্তে শর্করার মাত্রা হঠাৎ বেড়ে যাওয়ার আশঙ্কা কম থাকে। অন্যদিকে, মুড়ির শর্করা বৃদ্ধির সূচক বেশি হওয়ায় বেশি পরিমাণে খেলে রক্তে শর্করা দ্রুত বেড়ে যেতে পারে।
শুধু তাই নয়, চিঁড়াতে মুড়ির তুলনায় আঁশের পরিমাণও বেশি। এই আঁশ দীর্ঘক্ষণ পেট ভরা রাখতে সাহায্য করে এবং হজমের জন্যও উপকারী। অন্যদিকে মুড়ি সহজপাচ্য হলেও এতে আঁশের পরিমাণ কম।
পুষ্টিগুণের দিক থেকেও চিঁড়া এগিয়ে। এতে রয়েছে আয়রন ও ভিটামিন বি, যা শরীরের জন্য উপকারী। পাশাপাশি এটি কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে এবং চর্বিযুক্ত যকৃতের ঝুঁকি কমাতেও সহায়ক হতে পারে। অন্যদিকে, মুড়ি প্রক্রিয়াজাত খাবার হওয়ায় এতে এসব পুষ্টিগুণ তুলনামূলক কম থাকে। অতিরিক্ত খেলে ওজন বাড়ার আশঙ্কাও থাকতে পারে।
তবে বিশেষজ্ঞরা বলছেন, মুড়ি একেবারেই খাওয়া যাবে না— এমন নয়। পরিমিত পরিমাণে মাঝেমধ্যে মুড়ি খাওয়া যেতে পারে। তবে সবজির তরকারি বা অন্যান্য পুষ্টিকর খাবারের সঙ্গে খেলে তা আরও ভারসাম্যপূর্ণ হয়।
অন্যদিকে, চিঁড়া খাওয়ার সময় চিনি, গুড় বা কলা না মেশানোর পরামর্শ দেওয়া হয়েছে। টক দইয়ের সঙ্গে অথবা বিভিন্ন সবজি দিয়ে রান্না করে খেলে এটি আরও স্বাস্থ্যকর হতে পারে।
বিশেষজ্ঞদের মতে, ডায়াবিটিস নিয়ন্ত্রণে শুধু খাবার নির্বাচনই নয়, পরিমাণের দিকেও সমান গুরুত্ব দিতে হবে। তাই নিয়ম মেনে ও পরিমিত পরিমাণে খাবার খাওয়াই সবচেয়ে ভালো অভ্যাস।
আরটিভি/জেএমএ