images

স্বাস্থ্য পরামর্শ

ঘরের ভেতর ভেজা কাপড় শুকানো, ডেকে আনতে পারে মারাত্মক স্বাস্থ্যঝুঁকি

শনিবার, ০৩ জানুয়ারি ২০২৬ , ০২:১৩ পিএম

শহুরে ফ্ল্যাটবাড়ির সংকীর্ণ পরিসরে অনেকেরই নিয়মিত অভ্যাস ঘরের ভেতর ভেজা কাপড় শুকানো। বাইরে রোদের অভাব বা বারান্দায় পর্যাপ্ত জায়গা না থাকায় ঘরের ফ্যান ছেড়ে কিংবা জানালার পাশে কাপড় ঝুলিয়ে রাখাটা এখন সাধারণ চিত্র।

কিন্তু এই সাধারণ অভ্যাসটিই আপনার ও আপনার পরিবারের জন্য ভয়াবহ স্বাস্থ্যঝুঁকি ও বাসস্থানের ক্ষতির কারণ হতে পারে বলে সতর্ক করছেন বিশেষজ্ঞরা।

সম্প্রতি সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে উঠে এসেছে ঘরের ভেতর কাপড় শুকানোর নানাবিধ নেতিবাচক দিক।

বিশেষজ্ঞদের মতে, ঘরের ভেতর ভেজা কাপড় শুকানোর ফলে বাতাসের আর্দ্রতা স্বাভাবিকের চেয়ে অনেক বেশি বেড়ে যায়। এই অতিরিক্ত আর্দ্রতা ঘরের দেয়ালে ড্যাম্প সৃষ্টি করে এবং ছত্রাক জন্মানোর আদর্শ পরিবেশ তৈরি করে।

বিশেষ করে ‘অ্যাসপারগিলাস ফিউমিগেটাস’ নামক এক ধরনের ছত্রাক ঘরের কোণে বা আসবাবপত্রে দ্রুত বিস্তার লাভ করতে পারে। যখন আমরা এই বাতাসে শ্বাস নিই, তখন ছত্রাকের কণাগুলো আমাদের ফুসফুসে প্রবেশ করে। এর ফলে সাধারণ কাশি থেকে শুরু করে শ্বাসকষ্ট, সাইনাস এবং গুরুতর ক্ষেত্রে অ্যাজমার মতো সমস্যা কয়েকগুণ বেড়ে যেতে পারে।

আরও পড়ুন
7444515

গিজার-হিটার কেনার আগে যা জানতে হবে

কেবল ফুসফুসের সমস্যাই নয়, উচ্চ আর্দ্রতা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বা ইমিউনিটি সিস্টেমকেও দুর্বল করে দেয়। যাদের আগে থেকেই অ্যালার্জির সমস্যা রয়েছে, ঘরের গুমোট ও আর্দ্র পরিবেশে তাদের চুলকানি, চোখ লাল হওয়া, দীর্ঘস্থায়ী মাথাব্যথা ও শারীরিক ক্লান্তির মতো উপসর্গ দেখা দেয়। এমনকি ঘরের মূল্যবান কাঠের আসবাবপত্র ও ইলেকট্রনিক সামগ্রীও এই আর্দ্রতার কারণে দ্রুত নষ্ট হয়ে যেতে পারে। দেয়ালের রঙ চটে যাওয়া বা স্যাঁতসেঁতে গন্ধ তৈরি হওয়াও এই অস্বাস্থ্যকর পরিবেশের লক্ষণ।

এই বিপদ এড়াতে চিকিৎসকরা কিছু প্রয়োজনীয় পরামর্শ দিয়েছেন। যদি একান্তই ঘরের ভেতর কাপড় শুকাতে হয়, তবে সেই ঘরে পর্যাপ্ত বাতাস চলাচলের বা ভেন্টিলেশনের ব্যবস্থা নিশ্চিত করতে হবে। সম্ভব হলে ঘরে এক্সস্ট ফ্যান চালিয়ে দেওয়া উচিত যাতে অতিরিক্ত জলীয় বাষ্প দ্রুত বেরিয়ে যেতে পারে। এছাড়া ঘরের শোবার ঘর বা বসার ঘরের পরিবর্তে বাথরুম বা বারান্দার এক কোণ ব্যবহার করা ভালো, যেখানে মানুষের আনাগোনা কম।

সুস্থ থাকতে এবং ঘরকে দীর্ঘস্থায়ী ড্যাম্প থেকে রক্ষা করতে ভেজা কাপড় শুকানোর ক্ষেত্রে এই সতর্কতাগুলো মেনে চলা অত্যন্ত জরুরি।

আরটিভি/এএইচ