images

রেসিপি

শীতে শরীর উষ্ণ রাখতে যে খাবারগুলো ভূমিকা রাখে

শুক্রবার, ০৯ জানুয়ারি ২০২৬ , ০৮:৪০ পিএম

শীতের কনকনে ঠান্ডায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। এই সময়ে বাইরের ঠান্ডা থেকে বাঁচতে গরম কাপড়ের পাশাপাশি শরীরের ভেতরটাকেও উষ্ণ রাখা জরুরি।

পুষ্টিবিদদের মতে, খাদ্যাভ্যাসে কিছুটা পরিবর্তন আনলে শরীরকে স্বাভাবিকভাবে গরম রাখা সম্ভব এবং রোগব্যাধি থেকেও দূরে থাকা যায়।

রাইয়ান হেলথ কেয়ার হসপিটালের পুষ্টিবিদ লিনা আকতার শীতের এই দিনগুলোতে বিশেষ কিছু খাবার খাদ্যতালিকায় রাখার পরামর্শ দিয়েছেন।

শীতকালে শরীর গরম রাখার অন্যতম সেরা উপায় হলো বিভিন্ন ধরনের পুষ্টিকর স্যুপ পান করা। টমেটো, গাজরের মতো রঙিন সবজির পাশাপাশি ডাল, বার্লি ও মুরগির মাংসের স্যুপ শরীরকে হাইড্রেট রাখার পাশাপাশি প্রয়োজনীয় ভিটামিন সরবরাহ করে।

প্রাকৃতিক উপাদান হিসেবে তুলসী ও আদার জুড়ি নেই। অ্যান্টি-ইনফ্ল্যামেটরি ও অ্যান্টিভাইরাল সমৃদ্ধ আদা ও তুলসী প্রতিদিনের রান্নায় বা চায়ের সঙ্গে পান করলে সর্দি-কাশি থেকে রক্ষা পাওয়া যায়।

আরও পড়ুন
4118518515

শীতের সতেজ সবজি খেয়েও কি পেটে গ্যাস? জেনে নিন সুস্থ থাকার উপায়

এছাড়াও হলুদ মেশানো দুধ বা মসলা চা মেটাবলিজম বাড়িয়ে শরীরে উষ্ণতার অনুভূতি দেয়। বাদাম এবং খেজুর, কিশমিশ বা অ্যাপ্রিকটের মতো শুকনা ফলগুলো ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড ও ফাইবারের চমৎকার উৎস, যা তাপ উৎপন্ন করে শরীরকে কর্মক্ষম রাখে।

শীতের মিষ্টি রোদে এক বাটি বাদাম আদর্শ নাস্তা হতে পারে।

চিনির বিকল্প হিসেবে খেজুরের গুড় বা মধু ব্যবহার করলে শরীর গরম থাকার পাশাপাশি সর্দি-কাশির উপশম হয়। প্রোটিনের চাহিদা মেটাতে প্রতিদিন ডিম এবং পরিমিত পরিমাণে রেড মিট খাওয়া যেতে পারে। পাশাপাশি আঁশযুক্ত খাবার যেমন আপেল ও মিষ্টি আলু শরীরের তাপমাত্রা ধরে রাখতে সাহায্য করে।

মরিচ, দারুচিনি, রসুন ও প্রচুর পরিমাণে সবুজ শাকসবজি খাওয়ার মাধ্যমেও শীতের রুক্ষতা কাটিয়ে সুস্থ থাকা সম্ভব। সুস্থ থাকতে এই মৌসুমে সঠিক পুষ্টি নিশ্চিত করা একান্ত প্রয়োজন।

আরটিভি/এএইচ