রোববার, ১৮ জানুয়ারি ২০২৬ , ০৯:০৫ পিএম
কাঁচা শাকসবজি খাওয়া স্বাস্থ্যের জন্য কতটা উপকারী, তা নিয়ে জনমনে বরাবরই কৌতূহল রয়েছে। বিশেষ করে সামাজিক যোগাযোগমাধ্যমে বর্তমানে কাঁচা সবজি খাওয়ার ভিডিও দেখে অনেকেই অনুপ্রাণিত হচ্ছেন।
পুষ্টিবিদদের মতে, কিছু কিছু সবজি কাঁচা খাওয়া শরীরের জন্য অত্যন্ত উপকারী, কারণ এতে ভিটামিন সি, ফলেট, পটাশিয়াম ও ফটোকেমিক্যালের মতো প্রয়োজনীয় পুষ্টি উপাদানগুলো অটুট থাকে। এছাড়া কাঁচা সবজিতে ক্যালরির পরিমাণ অনেক কম থাকায় এটি ওজন কমাতে, রক্তে শর্করার মাত্রা বজায় রাখতে এবং ডায়াবেটিস নিয়ন্ত্রণে দারুণ কার্যকর।
গবেষণায় দেখা গেছে, কোষ্ঠকাঠিন্য বা গ্যাসের সমস্যা আছে এমন ব্যক্তিদের জন্য কাঁচা সবজি হজমপ্রক্রিয়া উন্নত করতে সহায়ক হতে পারে। সাধারণত শসা, গাজর, টমেটো, লেটুসপাতা, কচি পালংশাক, ক্যাপসিকাম, মুলা এবং কচি বাঁধাকপির মতো সবজিগুলো সরাসরি বা সালাদ হিসেবে খাওয়া যায়। তবে এসব সবজি খাওয়ার আগে অত্যন্ত সতর্কতার সঙ্গে পরিষ্কার করা জরুরি।
এক্ষেত্রে সবজিগুলো কিছুক্ষণ লবণ-পানিতে ভিজিয়ে রাখলে ক্ষতিকারক জীবাণু থেকে মুক্ত থাকা সম্ভব।
সুবিধা থাকলেও অতিরিক্ত কাঁচা সবজি খাওয়ার ফলে হজমে সমস্যা, পেট ফাঁপা, অ্যালার্জি কিংবা আইবিএসের মতো জটিলতা দেখা দিতে পারে। বিশেষ করে যাঁদের দীর্ঘমেয়াদি পেটের সমস্যা বা শারীরিক কোনো অসুস্থতা রয়েছে, তাঁদের কাঁচা সবজি গ্রহণের ক্ষেত্রে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।
অন্যদিকে, সঠিক উপায়ে রান্না করা সবজি থেকে শরীর পুষ্টি উপাদানগুলো আরও সহজে শোষণ করতে পারে এবং রান্না করার ফলে সবজিতে থাকা ক্ষতিকর ব্যাকটেরিয়া বা রাসায়নিকের ঝুঁকি কমে যায়।
সব ধরণের সবজি কাঁচা খাওয়া শরীরের জন্য নিরাপদ নয়। যেমন কাঁচা বেগুনে ‘সোলানিন’ নামক একটি বিষাক্ত যৌগ থাকে, যা রান্নার তাপে নিষ্ক্রিয় হয়।
এছাড়া আলু, কুমড়া, ঢ্যাঁড়স, পটোল, বরবটি, ব্রকলি, ফুলকপি ও মাশরুমের মতো সবজিগুলো কাঁচা খাওয়া উচিত নয়, কারণ এগুলোতে থাকা প্রাকৃতিক টক্সিন রান্না ছাড়া শরীর গ্রহণ করতে পারে না।
সুস্থ থাকতে সবজির ধরন বুঝে তা খাওয়ার নিয়ম মানা জরুরি। নিয়ম মেনে সঠিক পদ্ধতিতে সবজি গ্রহণই সুস্বাস্থ্যের প্রকৃত পথ।
আরটিভি/এএইচ