শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫ , ০৫:৫০ পিএম
ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় শক্তিশালি ভূমিকম্প অনুভূত হয়েছে। শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০টা ৩৮ মিনিটে এই ভূমিকম্প হয়। জাতীয় ভূকম্পন কেন্দ্রের তথ্য অনুযায়ী, নরসিংদীর মাধবদী এলাকার প্রায় ১০ কিলোমিটার গভীরে এর উৎপত্তি। স্থানীয় পরিমাপ অনুযায়ী এর মাত্রা ছিল ৫ দশমিক ৭, আর যুক্তরাষ্ট্রের ইউএসজিএস সেটিকে ৫ দশমিক ৫ হিসেবে রেকর্ড করেছে।
এদিকে, ঢাকায় শক্তিশালী ভূমিকম্প আঘাত হানার পর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কয়েকটি স্থাপনায় ফাটল দেখা দিয়েছে। বিশেষ করে বহির্গমন পথের গেট ৪ ও ৫ সংযোগ অংশে দৃশ্যমান ফাটল দেখা দিয়েছে। সেখানে কিছু অংশের সিলিং প্যানেল খসে পড়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ভূমিকম্পের পর যাত্রীরা আতঙ্কিত হয়ে ছোটাছুটি করেন। এসময় সিলিং কিছুটা খসে পড়ার পর বিমানবন্দর কর্তৃপক্ষ ক্ষতিগ্রস্ত অংশটি ঘিরে ফেলে এবং সাধারণ যাত্রী চলাচল সাময়িকভাবে সীমিত করে।
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এসএম রাগীব সামাদ বলেন, ডিপারচার ড্রাইভওয়েতে উপরের সিলিং জয়েন্ট থেকে একটু প্লাস্টার খসে পড়েছিল। আলহামদুলিল্লাহ, রানওয়ে, অ্যাপ্রোন এবং টার্মিনালের অভ্যন্তরে কোনো ক্ষয়ক্ষতি হয়নি। বিমান চলাচল স্বাভাবিক রয়েছে।

বিমানবন্দর সূত্র জানায়, বিমানবন্দরের গঠনগত সুরক্ষা যাচাই করতে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের একটি বিশেষজ্ঞ দল ঘটনাস্থল পরিদর্শন শুরু করেছে। দলটি ফাটলের প্রকৃতি, গভীরতা এবং ভবিষ্যৎ ঝুঁকি মূল্যায়ন করছে। বুয়েটের মূল্যায়ন রিপোর্ট হাতে পাওয়ার পর প্রয়োজনীয় মেরামত বা স্থায়ী সমাধানের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
প্রসঙ্গত, ঢাকাসহ সারাদেশে শক্তিশালী ভূমিকম্পে এখন পর্যন্ত ৬ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। ঢাকায় ৩ জন, নারায়ণগঞ্জে ১ জন এবং নরসিংদীতে ২ জনের মৃত্যু নিশ্চিত হয়েছে। এ ছাড়া বিভিন্ন স্থানে বহু মানুষ আহত হয়েছেন।
আরটিভি/এএ