বুধবার, ১১ ফেব্রুয়ারি ২০২৬ , ০৪:২৮ পিএম
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে দেশজুড়ে নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি সদস্যদের সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী।
বুধবার (১১ ফেব্রুয়ারি) রাজধানী ঢাকা ও পার্শ্ববর্তী বিভিন্ন এলাকায় বিজিবির একাধিক নির্বাচনি বেইজ ক্যাম্প পরিদর্শনকালে তিনি এই কঠোর নির্দেশনা প্রদান করেন। তিনি বলেন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্পন্ন করতে যেকোনো প্রকার নাশকতামূলক কর্মকাণ্ড, সহিংসতা বা বিশৃঙ্খলার অপচেষ্টা বিজিবি অত্যন্ত দৃঢ়তার সঙ্গে প্রতিহত করবে।
বেইজ ক্যাম্পগুলো পরিদর্শনের সময় বিজিবি মহাপরিচালক সরাসরি দায়িত্বরত সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন এবং নির্বাচনের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি সশরীরে পর্যবেক্ষণ করেন। তিনি নির্বাচনকালীন যেকোনো অপ্রীতিকর ও জরুরি পরিস্থিতি মোকাবিলায় বিজিবির অপারেশনাল সক্ষমতা এবং তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি পর্যালোচনা করেন।
একইসঙ্গে তিনি মাঠ পর্যায়ে নিরাপত্তা নিশ্চিতকরণে গৃহীত প্রতিটি পরিকল্পনা সম্পর্কে বিস্তারিত খোঁজখবর নেন এবং বাহিনীর সদস্যদের প্রয়োজনীয় রণকৌশলগত দিকনির্দেশনা প্রদান করেন।
বিজিবি প্রধান তার বক্তব্যে বাহিনীর প্রতিটি সদস্যকে সর্বোচ্চ পেশাদারত্ব, সততা এবং নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, জাতীয় গুরুত্বসম্পন্ন এই নির্বাচনি দায়িত্ব পালনে কোনো ধরনের শৈথিল্য বা গাফিলতি কোনোভাবেই বরদাশত করা হবে না। দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং একটি সুন্দর নির্বাচনি পরিবেশ বজায় রাখতে বিজিবি সদস্যদের দিনরাত চব্বিশ ঘণ্টা সজাগ ও সতর্ক থাকার নির্দেশ দেন তিনি।
ভোটাররা যাতে কোনো প্রকার ভয়ভীতি বা সংশয় ছাড়াই ভোটকেন্দ্রে গিয়ে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, তা নিশ্চিত করাই বিজিবির মূল লক্ষ্য বলে উল্লেখ করেন মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী।
এই লক্ষ্য অর্জনে তিনি দেশজুড়ে বিজিবির টহল কার্যক্রম বহুগুণ বৃদ্ধি করার এবং কৌশলগত স্থানে চেকপোস্ট স্থাপন করে কড়া তল্লাশি চালানোর আদেশ দেন। বিজিবির এই কঠোর অবস্থানের ফলে নির্বাচনি এলাকায় যেকোনো ধরণের অপরাধী চক্রের তৎপরতা দমন করা সম্ভব হবে এবং সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
আরটিভি/এআর