images

জাতীয়

বিএনপিকে বিজয়ী ঘোষণা করে গেজেট প্রকাশ কবে, জানালেন ইসি রহমানেল মাছউদ

শনিবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৬ , ০৪:২৩ এএম

জুলাই অভ্যুত্থানের প্রেক্ষাপটে আওয়ামী লীগের বিদায়ে দেড় বছর নির্বাচিত সরকারবিহীন দেশ চলার পর অবশেষে দেশব্যাপী অনুষ্ঠিত হয়ে গেল বহুল কাঙ্ক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এ নির্বাচনে বিপুল ব্যবধানে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। এর মধ্য দিয়ে দীর্ঘ ২০ বছর পর সরকার গঠন করতে যাচ্ছে দলটি। 

এদিকে নির্বাচনের ফল ঘোষণা হলেও গেজেট প্রকাশ বাকি এখনও। এ বিষয়ে শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রাতে নির্বাচন কমিশনার (ইসি) আবদুর রহমানেল মাছউদকে প্রশ্ন করেন সাংবাদিকরা।

জবাবে ইসি আবদুর রহমানেল মাছউদ বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফলের গেজেট আজ বা কালকের মধ্যে প্রকাশ করা হতে পারে। 

এসময় আলোচিত ঢাকা-৮ আসনের ভোট পুনর্গণনা হবে কি না, তাও জিজ্ঞাসা করা হয় এই নির্বাচন কমিশনারকে। জবাবে তিনি বলেন, ভোট পুনর্গণনার সুযোগ নেই।

আরও পড়ুন
BNP

চলছে সরকার গঠনের প্রস্তুতি, ভারত ও বিশ্বের প্রতি বিএনপির বার্তা

এ আসনে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী নাসীরউদ্দীন পাটওয়ারীর ও বিএনপির মির্জা আব্বাসের মধ্যে। আসনটির ফল নিয়ে বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যা থেকেই ব্যাপক উত্তেজনা ছড়ায় এই দুই প্রতিদ্বন্দ্বীর সমর্থকদের মধ্যে। দুই প্রার্থীই রিটার্নিং কর্মকর্তার সঙ্গে দেখা করে অভিযোগ দিয়েছেন। তবে, শেষ পর্যন্ত বিএনপি প্রার্থী মির্জা আব্বাসকে জয়ী ঘোষণা করা হয়।

ভোট গণনা শেষে ঘোষিত ফল অনুযায়ী, বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্বাস ৪৯৮০ ভোটে জয়ী হয়েছেন। তিনি পেয়েছেন ৫৬ হাজার ৫৫২ ভোট। আর পাটওয়ারী পেয়েছেন ৫১ হাজার ৫৭২ ভোট।

পরে রাত আড়াইটার দিকে সংবাদ সম্মেলন করে এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এই আসনে নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে ভোট পুনরায় গণনার দাবি করেন।

মূলত, অভিযোগ-পাল্টা অভিযোগের মূল ইস্যু হচ্ছে বাতিল ভোট। এই আসনে ২৪৯৭টি ভোট বাতিল করা হয়েছে। জানা যায়, এই আসনের ব্যালট পেপারটিতে একদম বাম পাশের কোণায় ধানের শীষ প্রতীকের বক্স ছিল। ওই বক্সের পাশের জায়গাটি ফাঁকা ছিল। ওই পাশের সাদা জায়গায় অনেক সিল পড়েছে। 

আরটিভি/এসএইচএম