মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৬ , ১০:৫০ এএম
বাংলাদেশে নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশ নিতে বিভিন্ন দেশের প্রতিনিধিরা ঢাকায় পৌঁছেছেন। সোমবার (১৬ ফেব্রুয়ারি) দুপুর থেকে মঙ্গলবার ভোর পর্যন্ত যুক্তরাজ্য, তুরস্ক, পাকিস্তান, নেপাল ও শ্রীলঙ্কার প্রতিনিধিরা ঢাকায় আসেন।
যুক্তরাজ্য থেকে আছেন ভারত-প্রশান্ত মহাসাগরীয় বিষয়ক আন্ডার সেক্রেটারি সীমা মালহোত্রা, তুরস্কের আন্ডার সেক্রেটারি বেরিস একিনচি, পাকিস্তানের পরিকল্পনা মন্ত্রী আহসান ইকবাল, নেপালের পররাষ্ট্রমন্ত্রী বালা নন্দা শর্মা ও শ্রীলঙ্কার স্বাস্থ্যমন্ত্রী নালিন্দা জয়াতিসা।
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস শনিবার ১৪ দেশের সরকার প্রধানকে অনুষ্ঠানে আমন্ত্রণ জানান। শপথগ্রহণে চীন, জাপান, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, মালয়েশিয়া ও ব্রুনেইয়ের প্রতিনিধিত্ব করবেন বাংলাদেশে নিযুক্ত রাষ্ট্রদূতরা।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকাল ১০টায় নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ পড়াবেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন। শপথ অনুষ্ঠানের নিরাপত্তা কঠোর করা হয়েছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, আজ খেজুরবাগান ক্রসিং থেকে মানিক মিয়া অ্যাভিনিউ এবং গণভবন ক্রসিং থেকে উড়োজাহাজ ক্রসিং পর্যন্ত লেক রোডে যান চলাচল সীমিত থাকবে।
নবনির্বাচিত সংসদ সদস্যরা তিন ধাপে, প্রতি ধাপে ১০০ জন করে শপথ নেবেন। এরপর দুপুরে বিএনপির সংসদীয় দলের বৈঠকে আনুষ্ঠানিকভাবে তারেক রহমানকে সংসদ নেতা নির্বাচিত করা হবে। বিকেল ৪টায় দক্ষিণ প্লাজায় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে প্রধানমন্ত্রী ও নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। সন্ধ্যায় মন্ত্রিপরিষদ বিভাগ নতুন মন্ত্রীদের দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন জারি করবে।
১২ ফেব্রুয়ারির নির্বাচনে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি জোট ২১২টি আসনে জয় পেয়ে সংসদে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। প্রধান বিরোধী দল হিসেবে ৬৮ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী স্থান পেয়েছে। দলটির সংসদীয় নেতা নির্বাচিত হবেন ডা. শফিকুর রহমান।
আরটিভি/এসকে