মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৬ , ০৬:৪৫ পিএম
ত্রয়োদশ সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের পর একাদশ প্রধানমন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সেই সঙ্গে তার সরকারে মন্ত্রী ও প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন আরও ৪৯ জন।
দেশ পরিচালনার এই গুরুদায়িত্ব পালনের বিনিময়ে প্রধানমন্ত্রী, স্পিকার ও মন্ত্রীরা রাষ্ট্রীয় কোষাগার থেকে নির্দিষ্ট অংকের বেতন ও আকর্ষণীয় সুযোগ-সুবিধা ভোগ করবেন।
দ্য মিনিস্টার্স, মিনিস্টার্স অব স্টেট অ্যান্ড ডেপুটি মিনিস্টার্স (রেমুনারেশন অ্যান্ড প্রিভিলেজ) অ্যাক্ট অনুযায়ী, বেতন ছাড়াও তারা শুল্কমুক্ত গাড়ি, সরকারি সুসজ্জিত বাসভবন এবং আনুষঙ্গিক আরও অনেক সুবিধা পেয়ে থাকেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর নতুন সরকার দায়িত্ব গ্রহণ করায় সাধারণ মানুষের মনে এখন বিশেষ কৌতূহল— মাস শেষে ঠিক কত টাকা বেতন পান একজন মন্ত্রী বা স্পিকার? আর সরকারি গাড়ি-বাড়ির রক্ষণাবেক্ষণেই বা রাষ্ট্র কত খরচ করে?
আসুন দেখে নেওয়া যাক দেশ পরিচালনার বিনিময়ে প্রধানমন্ত্রী, স্পিকার ও মন্ত্রীরা কি কি সুবিধা ভোগ করবেন—
প্রধানমন্ত্রীর বেতন-ভাতা
দ্য প্রাইম মিনিস্টারস (রেমুনারেশেন অ্যান্ড প্রিভিলেজ) (অ্যামেন্ডমেন্ট) বিল, ২০১৬ অনুযায়ী, বাংলাদেশের প্রধানমন্ত্রীর বেতন মাসে এক লাখ ১৫ হাজার টাকা। এ ছাড়া তিনি মাসিক বাড়ি ভাড়া পান এক লাখ টাকা, দৈনিক ভাতা পান তিন হাজার টাকা।
প্রধানমন্ত্রী একটি সরকারি বাসভবন পান। ওই বাসভবনের সজ্জা ও রক্ষণাবেক্ষণের ব্যয়ভার বহন করে সরকার।
মন্ত্রীর বেতন-ভাতা
দ্য মিনিস্টারস, মিনিস্টার অব স্টেট অ্যান্ড ডেপুটি মিনিস্টারস (রেমুনারেশন অ্যান্ড প্রিভিলেজ) (অ্যামেন্ডমেন্ট) বিল, ২০১৬ অনুযায়ী, একজন মন্ত্রী বেতন পান মাসিক এক লাখ পাঁচ হাজার টাকা। ডেপুটি স্পিকার, বিরোধী দলীয় নেতা এবং চিফ হুইপরাও সমান বেতন পান। মন্ত্রী, প্রতিমন্ত্রী বা উপমন্ত্রী কাউকেই তাদের বেতনের জন্য কোন কর দিতে হয় না।
এ ছাড়া, একজন মন্ত্রী আরও যেসব সুবিধা পান—
বাসস্থান থেকে অফিস বা অফিস থেকে বাসস্থানে যাতায়াতের খরচ পাবেন। নিজের এবং পরিবারের সদস্যদের ভ্রমণ খরচও পাবেন তিনি। এছাড়া অন্তত দুইজন গৃহকর্মীর ভ্রমণের খরচ পাবেন।
উপ-সচিব পদমর্যাদার একজন একান্ত সচিব, সহকারী সচিব পদমর্যাদার একজন সহকারী একান্ত সচিব এবং ক্যাডারের বাইরে থেকে আরেকজন সহকারী একান্ত সচিব। জাতীয় বেতন স্কেলে দশম গ্রেডের দুইজন কর্মকর্তা। আরো পাবেন একজন জমাদার ও একজন আর্দালি, দুইজন এমএলএসএস, একজন পাচক বা পিয়ন।
প্রতিমন্ত্রীর বেতন ভাতা
প্রতিমন্ত্রীদের বেতন প্রতি মাসে ৯২ হাজার টাকা। এই আয়ের ওপর কোন কর নেই।
উপ-সচিব পদমর্যাদার একজন একান্ত সচিব, সহকারী সচিব পদমর্যাদার একজন সহকারী একান্ত সচিব এবং ক্যাডারের বাইরে থেকে আরেকজন সহকারী একান্ত সচিব। জাতীয় বেতন স্কেলে দশম গ্রেডের দুইজন কর্মকর্তা। আরও পাবেন একজন জমাদার ও একজন আর্দালি, দুইজন এমএলএসএস, একজন পিয়ন।
উপমন্ত্রীর বেতন ভাতা
একজন উপমন্ত্রী বেতন পান ৮৬ হাজার ৫০০ টাকা। তাকেও বেতন ভাতার জন্য কোন কর দিতে হবে না।
সহকারী সচিব পদমর্যাদার একজন একান্ত সচিব, এবং ক্যাডারের বাইরে থেকে আরেকজন সহকারী একান্ত সচিব। এছাড়া একজন ব্যক্তিগত সহকারী, একজন জমাদার ও একজন আর্দালি, একজন এমএলএসএস, একজন পাচক বা পিয়ন। মন্ত্রী, প্রতিমন্ত্রী বা উপমন্ত্রী হিসাবে দায়িত্ব পালনের পাশাপাশি যারা সংসদ সদস্য হিসাবে নির্বাচিত হয়েছে, তারা আরো কিছু অতিরিক্ত সুবিধা পাবেন।
আরটিভি/এসআর