মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৬ , ০৯:৫৪ পিএম
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে আজ সরকার গঠন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। নতুন সরকারের প্রধানমন্ত্রী হয়েছেন দলটির চেয়ারম্যান তারেক রহমান।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তারেক রহমান ও তার সরকারের ২৫ জন মন্ত্রী এবং ২৪ জন প্রতিমন্ত্রী শপথ নিয়েছেন। নতুন মন্ত্রিসভা গঠনের খবর গুরুত্ব সহকারে প্রকাশ করেছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।
‘নির্বাচনে নিরঙ্কুশ জয়ের পর বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান’— এমন শিরোনামে প্রতিবেদন প্রকাশ করেছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।
প্রতিবেদনে বলা হয়েছে, ‘বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) নেতা তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন। নির্বাচনে নিরঙ্কুশ জয়লাভ করে প্রায় দুই দশক পর ক্ষমতায় ফিরে আসল তার দল বিএনপি। এবার সরকার গঠনের মাধ্যমে দক্ষিণ এশীয় দেশটিতে এক গুরুত্বপূর্ণ রাজনৈতিক পরিবর্তনের সূচনা হলো।’
যুক্তরাজ্যের আরেক সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান জানিয়েছে, শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার পর ভূমিধস জয়ের পর বাংলাদেশের নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান এবং তার দলের অন্যান্য সদস্যরা মঙ্গলবার সংসদে শপথ গ্রহণ করেছেন।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা বলেছে, ২০২৪ সালে ছাত্র-নেতৃত্বাধীন বিদ্রোহের পর প্রথমবারের মতো নির্বাচনে জয়লাভের কয়েকদিন পর প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
‘প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান’— শিরোনামে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি জানিয়েছে, বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুই-তৃতীয়াংশ আসনে জয়ী হয়ে বিএনপি আজ সরকার গঠন করছে।
আরও বলা হয়েছে, প্রধানমন্ত্রীর শপথ পড়ান বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার পতনের পর অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার ১৮ মাস পর নির্বাচনের মাধ্যমে গঠিত হলো এই সরকার।
এ ছাড়াও তুর্কি বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি লিখেছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) নেতা তারেক রহমান মঙ্গলবার দক্ষিণ এশিয়ার দেশটির ১১তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন রাজধানী ঢাকার সংসদ ভবনের সামনে বিএনপি চেয়ারম্যান এবং ৪৯ সদস্যের মন্ত্রিসভাকে শপথবাক্য পাঠ করান।
ভারতের সংবাদমাধ্যম দ্য হিন্দু লিখেছে, তারেক রহমান বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। গুরুত্বপূর্ণ সাধারণ নির্বাচনে তার দল বড় জয় পাওয়ার কয়েক দিনের মধ্যেই তিনি দায়িত্ব নিলেন। ৬০ বছর বয়সি তারেক রহমানকে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন শপথবাক্য পাঠ করান। দীর্ঘদিনের প্রচলিত নিয়ম ভেঙে এবার শপথ অনুষ্ঠান বঙ্গভবনের বদলে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হয়।
আরটিভি/এসআর