images

জাতীয়

ঢাকায় আসছেন চীনের ভাইস মিনিস্টার সুন ওয়েইডং

বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬ , ০৪:৫৮ পিএম

বাংলাদেশ ও চীনের মধ্যকার কূটনৈতিক সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যেতে এবং দ্বিপক্ষীয় সহযোগিতার ক্ষেত্রগুলো আরও বিস্তৃত করতে আগামী ২ এপ্রিল দুই দিনের সফরে ঢাকায় আসছেন চীনের ভাইস মিনিস্টার সুন ওয়েইডং। নতুন সরকার গঠনের পর বেইজিংয়ের পক্ষ থেকে এটিই হবে প্রথম কোনো উচ্চপর্যায়ের সফর। 

বৃহস্পতিবার (১২ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন এই সফরের বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, মূলত ঢাকা ও বেইজিংয়ের মধ্যে অনুষ্ঠিতব্য ১৪তম পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠকে (ডিপ্লোম্যাটিক কনসালটেশন) চীনের প্রতিনিধিদলের নেতৃত্ব দিতেই সুন ওয়েইডংয়ের এই সফর। বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেবেন পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম। বৈঠকটিতে দুই দেশের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্কের সকল দিক পর্যালোচনার পাশাপাশি পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে সহযোগিতার নতুন নতুন উপায় নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।

আরও পড়ুন
16

‘জুলাই জাতীয় সনদ’ নিয়ে দলের অবস্থান জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে সাক্ষাৎকালে রাষ্ট্রদূত ইয়াও ওয়েন জানান, ভাইস মিনিস্টার সুন ওয়েইডংয়ের এই সফরে বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে চীনের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হবে। এ সময় প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরও উপস্থিত ছিলেন। 

পররাষ্ট্র মন্ত্রণালয় আশা করছে, এই বৈঠকের মাধ্যমে বাংলাদেশ ও চীনের দীর্ঘদিনের বন্ধুত্ব আরও সুসংহত হবে এবং বিশেষ করে অর্থনৈতিক ও অবকাঠামোগত উন্নয়নে চীনের সহযোগিতা বৃদ্ধি পাবে।

সুন ওয়েইডং তার দুই দিনের সংক্ষিপ্ত সফরে কেবল পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠকেই সীমাবদ্ধ থাকবেন না। তিনি সরকারের শীর্ষ পর্যায়ের কর্মকর্তা এবং রাজনৈতিক নেতাদের সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করতে পারেন। বৈঠকে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন, চীনা বিনিয়োগ বৃদ্ধি এবং বাংলাদেশের এলডিসি (স্বল্পোন্নত দেশ) উত্তর উত্তরণে চীনের বিশেষ বাণিজ্য সুবিধার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো আলোচনার টেবিলে প্রাধান্য পেতে পারে বলে ধারণা করা হচ্ছে।

আরটিভি/এআর