শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬ , ০৫:৪২ পিএম
পবিত্র হজের মূল আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। রাজধানীর আশকোনা হজক্যাম্প এখন ধর্মপ্রাণ হজযাত্রীদের পদচারণায় মুখর। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা হাজিরা এখানে জড়ো হয়ে যাত্রার প্রাথমিক প্রস্তুতি সম্পন্ন করছেন।
শুক্রবার (১৭ এপ্রিল) রাত ১১টা ৩৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রথম হজ ফ্লাইটের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
উদ্বোধনী ফ্লাইটে মোট ৪১৯ জন হজযাত্রী সৌদি আরবের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন। হজ ব্যবস্থাপনার রোডম্যাপ অনুযায়ী, শুক্রবার রাত থেকে শনিবার ভোর পর্যন্ত মোট ১৪টি ফ্লাইট পরিচালিত হবে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ৬টি, সৌদিয়া এয়ারলাইন্স ৪টি এবং ফ্লাইনাস ৪টি ফ্লাইট পরিচালনা করবে।
এ দিকে ক্যাম্পে আসা হজযাত্রীদের মধ্যে বিরাজ করছে এক অপার্থিব আনন্দ ও আবেগ। কুড়িগ্রামের কচাকাটা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মো. আব্দুল লতিফ বলেন, চাকরি থেকে অবসর নেওয়ার আগেই হজে যাওয়ার নিয়ত করেছিলাম, আল্লাহ তাআলা সেই ডাক কবুল করেছেন। কাবা শরিফের দেয়াল ধরে গুনাহ মাফ চাওয়ার সুযোগ পাচ্ছি, এর চেয়ে বড় পাওয়া আর নেই।
মাগুরার বীর মুক্তিযোদ্ধা ও সোনালী ব্যাংকের অবসরপ্রাপ্ত কর্মকর্তা বিশ্বাস আব্দুস সাত্তার তার আজন্ম লালিত স্বপ্নের কথা জানিয়ে বলেন, যখন থেকে বুঝতে শিখেছি, তখন থেকেই হজে যাওয়ার ইচ্ছা ছিল। অবশেষে আল্লাহ সেই সুযোগ দিয়েছেন, আমি কৃতজ্ঞ।
চাঁপাইনবাবগঞ্জ থেকে স্ত্রীকে নিয়ে আসা মো. সাদিকুল আহাসান ক্যাম্পের পরিবেশে সন্তোষ প্রকাশ করেছেন। তারা যেন সুস্থভাবে হজ সম্পন্ন করতে পারেন, সেজন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।
হজক্যাম্পের সংশ্লিষ্টরা জানান, আজ রাত থেকে ভোর পর্যন্ত মোট ১৪টি ফ্লাইট রয়েছে। যার মধ্যে ছয়টি বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, চারটি সৌদি আরবের সৌদিয়া এয়ারলাইন্স ও চারটি ফ্লাইনাস এয়ারলাইন্স পরিবহন করবে।
২০২৬ সালে বাংলাদেশ থেকে ৭৮ হাজার ৫০০ জন হজযাত্রী পবিত্র হজ পালন করবেন। এর মধ্যে সরকারি মাধ্যমে চার হাজার ৫৬৫ জন এবং বেসরকারি হজ এজেন্সির মাধ্যমে ৭৩ হাজার ৯৩৫ জন হজ পালনের জন্য যাবেন।
সৌদি আরবের সঙ্গে স্বাক্ষরিত হজচুক্তি অনুসারে মোট হজযাত্রীর শতকরা ৫০ ভাগ বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিবহন করবে। বাকি ৫০ ভাগের মধ্যে সৌদি আরবের সৌদিয়া ৩৫ ভাগ ও ফ্লাইনাস ১৫ ভাগ হজযাত্রী পরিবহন করবে।
হজে যাওয়ার ফ্লাইট ২১ মে শেষ হবে। এতে ২০৭টি ফ্লাইটের মধ্যে বিমান ১০২টি, সৌদিয়া ৭৫টি ও ফ্লাইনাস ৩০টি পরিচালনা করবে।
উল্লেখ্য, চাঁদ দেখা সাপেক্ষে ২৬ মে পবিত্র হজ অনুষ্ঠিত হতে পারে। হজের আনুষ্ঠানিকতা শেষে ৩০ মে থেকে ফিরতি ফ্লাইট শুরু হবে এবং তা ১ জুলাই শেষ হবে।
আরটিভি/এমআই