সোমবার, ২০ এপ্রিল ২০২৬ , ০৬:৪৭ পিএম
চারদিনের সরকারি সফরে মালয়েশিয়া গেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
সোমবার (২০ এপ্রিল) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে রোববার (১৯ এপ্রিল) তিনি মালয়েশিয়া পৌঁছান।
আইএসপিআর জানায়, প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রী তারেক রহমানের প্রতিনিধি হিসেবে মালয়েশিয়ার কুয়ালালামপুরে অনুষ্ঠিত ‘দ্য ডিফেন্স সার্ভিসেস এশিয়া (ডিএসএ)’ ও ন্যাশনাল সিকিউরিটি এশিয়া (এনএটিএসইসি এশিয়া) ২০২৬ এক্সিবিশন’ পরিদর্শন করেন সেনাপ্রধান।
এশিয়ার বৃহত্তম এ প্রদর্শনীতে আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা, ইলেকট্রনিক যুদ্ধ প্রযুক্তি, নিরাপত্তা ও যুদ্ধ সরঞ্জামাদি প্রদর্শিত হচ্ছে।
সেনাপ্রধান মঙ্গলবার (২১ এপ্রিল) ৮ম পুত্রাজায়া ফোরামে অংশগ্রহণ করবেন।
আইএসপিআর আরও জানায়, এ ফোরামে আসিয়ান অঞ্চলের নিরাপত্তা ও আঞ্চলিক স্থিতিশীলতায় উদীয়মান প্রযুক্তির প্রভাব এবং সমন্বিত সহযোগিতামূলক বিভিন্ন নীতি ও কৌশল নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হবে।
এ সময় মালয়েশিয়ার সংশ্লিষ্ট প্রতিনিধির সঙ্গে সেনাবাহিনী প্রধানের দ্বিপাক্ষিক বৈঠকে অংশগ্রহণের পরিকল্পনা রয়েছে।
এই সফরের মাধ্যমে আঞ্চলিক সম্পর্ক ও নিরাপত্তা সহযোগিতা আরও সুদৃঢ় হবে বলে আশা করছে আইএসপিআর।
আরটিভি/এমএইচজে