images

জাতীয়

পুলিশে ডিআইজি-এসপি পদে বড় রদবদল

মঙ্গলবার, ০৫ মে ২০২৬ , ০৬:০৬ পিএম

বাংলাদেশ পুলিশের ডিআইজি এবং অতিরিক্ত ডিআইজি থেকে শুরু করে পুলিশ সুপার পদমর্যাদার ৩৯ কর্মকর্তাকে একযোগে বদলি ও নতুন পদে পদায়ন করা হয়েছে। 

মঙ্গলবার (৫ মে)  স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে জারি করা দুটি পৃথক প্রজ্ঞাপনে এই রদবদলের আদেশ দেওয়া হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রণালয়ের উপ-সচিব স্বাক্ষরিত এই নির্দেশনা অবিলম্বে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে। এই রদবদলের ফলে রাজশাহী ও বরিশাল মেট্রোপলিটন পুলিশ এবং বেশ কয়েকটি জেলায় নতুন শীর্ষ কর্মকর্তারা দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছেন।

প্রজ্ঞাপন অনুযায়ী রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. জিললুর রহমানকে সিলেট রেঞ্জের ডিআইজি হিসেবে বদলি করা হয়েছে। তার জায়গায় আরএমপির নতুন কমিশনারের দায়িত্ব পেয়েছেন এসবির ডিআইজি মোহা. ফয়েজুল কবির। এদিকে বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. শফিকুল ইসলামকে টুরিস্ট পুলিশে বদলি করে সেখানে নতুন কমিশনার হিসেবে ডিআইজি মো. আশিক সাঈদকে দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়া ডিআইজি মো. মোশফেকুর রহমানকে পুলিশ অধিদপ্তরে সংযুক্ত করা হয়েছে।

আরও পড়ুন
7

চট্টগ্রামের এসপি হলেন ডিসি মাসুদ

অতিরিক্ত ডিআইজি পদমর্যাদার কর্মকর্তাদের মধ্যে সিআইডির মো. আবুল বাশার তালুকদারকে ডিএমপির অতিরিক্ত কমিশনার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়া ডিআইজি পদে পদোন্নতি পাওয়া সানা শামীনুর রহমানকে সিআইডিতে পদায়ন করা হয়েছে। 

জেলা পর্যায়ে পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তাদের ক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন লক্ষ্য করা গেছে। পঞ্চগড় জেলার এসপি মো. রবিউল ইসলামকে নৌ-পুলিশে বদলি করে তার জায়গায় এপিবিএন-২ এর এসপি মো. মিজানুর রহমানকে নিয়োগ দেওয়া হয়েছে। জয়পুরহাট জেলার নতুন এসপি হিসেবে দায়িত্ব পেয়েছেন রেলওয়ে পুলিশের শাহনাজ বেগম। এছাড়া পাবনা জেলার এসপি মো. আনোয়ার জাহিদকে এসবির বিশেষ পুলিশ সুপার হিসেবে বদলি করে তার জায়গায় মো. মফিজ উদ্দিনকে দায়িত্ব দেওয়া হয়েছে।

নীলফামারী এবং নড়াইলসহ সাতক্ষীরা ও চাঁদপুর জেলার পুলিশ প্রশাসনেও নতুন মুখ দেখা যাবে। ঝালকাঠি এবং ফেনী জেলাতেও নতুন পুলিশ সুপার নিয়োগের আদেশ জারি করা হয়েছে। বদলি হওয়া এই কর্মকর্তাদের মধ্যে ঢাকা ও খুলনা মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার এবং এসবির বিশেষ পুলিশ সুপার পদের কর্মকর্তারাও রয়েছেন। পুলিশের নিয়মিত প্রশাসনিক প্রক্রিয়ার অংশ হিসেবে এই রদবদল করা হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

আরটিভি/এআর