images

জাতীয়

আজ ৫ ঘণ্টা বন্ধ থাকবে ফুয়েল পাস রেজিস্ট্রেশন সেবা

বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬ , ০৮:৩৩ এএম

সার্ভার ও স্টোরেজ সিস্টেমে জরুরি রক্ষণাবেক্ষণ কাজের কারণে আজ বৃহস্পতিবার (৭ মে) পাঁচ ঘণ্টার জন্য বন্ধ থাকবে ফুয়েল পাস রেজিস্ট্রেশন সেবা। বিষয়টি নিশ্চিত করেছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিকেল ৪টা থেকে রাত ৯টা পর্যন্ত বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) সার্ভার ও স্টোরেজ সিস্টেমে মেইনটেন্যান্স কার্যক্রম পরিচালনা করা হবে। এ সময় ফুয়েল পাসের নিবন্ধন কার্যক্রম সম্পূর্ণভাবে বন্ধ থাকবে।

কর্তৃপক্ষ বলছে, সেবার মান উন্নয়ন এবং পুরো সিস্টেমকে আরও কার্যকর ও নির্ভরযোগ্য করতে এই রক্ষণাবেক্ষণ কাজ করা হচ্ছে। নির্ধারিত সময় শেষে সেবা আবার স্বাভাবিকভাবে চালু হবে বলেও জানানো হয়েছে।

আরও পড়ুন
Web-Image5

রাষ্ট্রের সবচেয়ে বড় সম্পদ জনগণের বিশ্বাস: প্রধানমন্ত্রী

সাময়িক এ অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করে ব্যবহারকারীদের জরুরি প্রয়োজনে রাত ৯টার পর অথবা পরদিন সেবা নেওয়ার পরামর্শ দিয়েছে মন্ত্রণালয়।

এর আগে গত ৯ এপ্রিল বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) পরীক্ষামূলকভাবে কিউআর কোডভিত্তিক ‘ফুয়েল পাস’ অ্যাপ চালু করে। প্রথমে মোটরসাইকেল চালকদের জন্য চালু হওয়া এই ডিজিটাল সেবা পরে ধাপে ধাপে দেশের বিভিন্ন এলাকায় সম্প্রসারণ করা হয়।

পরে ২১ এপ্রিল থেকে রাজধানীর কয়েকটি ফিলিং স্টেশনে মোটরসাইকেল চালকদের জন্য ফুয়েল পাস অ্যাপ ব্যবহার বাধ্যতামূলক করা হয়। জ্বালানি বিভাগ জানিয়েছে, জ্বালানি সরবরাহ ব্যবস্থায় স্বচ্ছতা ও শৃঙ্খলা নিশ্চিত করা এবং দীর্ঘ যানজট ও অপেক্ষা কমাতেই এই ডিজিটাল পদ্ধতি চালু করা হয়েছে।

সংশ্লিষ্টদের দাবি, ফুয়েল পাস চালুর পর রাজধানীসহ বিভিন্ন এলাকায় ফিলিং স্টেশনগুলোতে চাপ কিছুটা কমেছে এবং অপেক্ষার সময়ও আগের তুলনায় কমে এসেছে।


আরটিভি/জেএমএ