রোববার, ০৭ জুন ২০২৬ , ০৩:৫৮ পিএম
দীর্ঘ দেড় দশকের বেশি সময়ের ফ্যাসিবাদী শাসন দেশের গণতান্ত্রিক ও সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর পাশাপাশি শিক্ষা ব্যবস্থাকেও বিপর্যস্ত করে দিয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
রোববার (৭ জুন) রাজধানীর বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ কনফারেন্স সেন্টারে জাতীয় বিশ্ববিদ্যালয়ের কারিকুলামে দক্ষতাভিত্তিক শিক্ষা বিষয়ক শিক্ষক প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
প্রধানমন্ত্রী বলেন, গণতান্ত্রিক বাংলাদেশে এখন ঘুরে দাঁড়ানোর সময়। একটি জ্ঞানভিত্তিক রাষ্ট্র ও সমাজ গড়ে তুলতে না পারলে বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকা কঠিন হয়ে পড়বে। আধুনিক ও প্রযুক্তিনির্ভর উচ্চশিক্ষা বিস্তারে জাতীয় বিশ্ববিদ্যালয় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলেও তিনি উল্লেখ করেন।
তিনি বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), সাইবার সিকিউরিটি, প্রোগ্রামিং, ডিজিটাল উদ্যোক্তা উন্নয়ন, নেতৃত্ব ও আর্থিক জ্ঞানসহ বিভিন্ন সফট স্কিল ছাড়া বর্তমান শিক্ষা কারিকুলাম পূর্ণাঙ্গ হতে পারে না। জেনেটিক ইঞ্জিনিয়ারিং, বায়োটেকনোলজি, কোয়ান্টাম কম্পিউটিং, ন্যানো প্রযুক্তি ও ৫জি প্রযুক্তির মতো বিষয়গুলো ভবিষ্যতের কর্মক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তারেক রহমান জানান, সরকার শিক্ষা ব্যবস্থাকে দক্ষতাভিত্তিক, প্রযুক্তিনির্ভর ও কর্মমুখী করতে কাজ শুরু করেছে। উচ্চশিক্ষাকে বাস্তবমুখী করতে বিশ্ববিদ্যালয় ও শিল্পখাতের মধ্যে সমন্বয়, ইন্টার্নশিপ এবং ইন্ডাস্ট্রি-একাডেমিয়া সংযোগ বাধ্যতামূলক করার প্রয়োজনীয়তার ওপর তিনি গুরুত্বারোপ করেন।
তিনি বলেন, শিক্ষিতদের মধ্যে বেকারত্বের অন্যতম কারণ ব্যবহারিক ও প্রযুক্তিগত দক্ষতার অভাব। এ কারণে সরকার অ্যাপ্রেন্টিসশিপ, ইন্টার্নশিপ এবং শিল্পপ্রতিষ্ঠানের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের সহযোগিতা বাড়ানোর উদ্যোগ নিয়েছে। প্রাথমিকভাবে বিভাগীয় শহরগুলোর বিশ্ববিদ্যালয় ও স্থানীয় শিল্প-ব্যবসা প্রতিষ্ঠানের মধ্যে সংযোগ স্থাপনের কাজ শুরু হয়েছে।
প্রধানমন্ত্রী জানান, কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ে উদ্ভাবনী ব্যবসায়িক ধারণাকে বাণিজ্যিকভাবে বাস্তবায়নে প্রতিযোগিতামূলক ভিত্তিতে ‘সিড ফান্ডিং’ বা ‘ইনোভেশন গ্র্যান্ট’ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যাতে শিক্ষার্থীরা চাকরিপ্রার্থী হওয়ার পাশাপাশি উদ্যোক্তা হিসেবেও নিজেদের গড়ে তুলতে পারে।
তিনি শিক্ষকদের সমাজ পরিবর্তনের অগ্রদূত হিসেবে উল্লেখ করে বলেন, জ্ঞান, দক্ষতা, সততা ও অঙ্গীকারের ওপর শিক্ষা ব্যবস্থার সাফল্য নির্ভর করে। পাশাপাশি প্রযুক্তিগত জ্ঞানের সঙ্গে ধর্মীয়, সামাজিক ও নৈতিক মূল্যবোধেও তরুণদের সমৃদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।
তারেক রহমান বলেন, শিক্ষা শুধু সনদ প্রদান করবে না, বরং দক্ষ মানবসম্পদ ও নতুন উদ্যোক্তা তৈরি করবে। ঐক্যবদ্ধভাবে কাজ করতে পারলে বাংলাদেশকে একটি সমৃদ্ধ, স্বনির্ভর ও জ্ঞানভিত্তিক রাষ্ট্রে পরিণত করা সম্ভব হবে।
আরটিভি/এমএইচজে