images

জাতীয়

আনোয়ার ইব্রাহিমের সঙ্গে একান্ত বৈঠকে প্রধানমন্ত্রী

সোমবার, ২২ জুন ২০২৬ , ০৯:৪৬ এএম

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে একান্ত বৈঠকে বসেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সোমবার (২২ জুন) স্থানীয় সময় সকাল সাড়ে ৯টায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর কার্যালয় ‘পেরদানা পুত্রা’ ভবনের পঞ্চম তলায় একান্ত এ বৈঠকে বসেন উভয় রাষ্ট্রপ্রধান।

একান্ত বৈঠকে বসার আগে প্রধানমন্ত্রী কার্যালয়ের পরিদর্শন বইতে স্বাক্ষর করেন। এই একান্ত বৈঠকের পরে দুই দেশের উচ্চ পর্যায়ের বৈঠক শুরু হবে। বাংলাদেশ ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এতে নিজ নিজ দেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন।

বৈঠকে বাংলাদেশ প্রতিনিধি দলে উপস্থিত থাকবেন পররাষ্ট্র মন্ত্রী খলিলুর রহমান, বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী, জ্বালানি ও বিদ্যুৎ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির, অর্থ উপদেষ্টা রাশেদ মাহমুদ তিতুমীর, শিক্ষা বিষয়ক উপদেষ্টা মাহ্দী আমিন, পররাষ্ট্র সচিব আসাদ আল সিয়াম প্রমুখ।

আরও পড়ুন
Web-Image---Copy

প্রবাসী ভাইদের সর্বোচ্চ সুবিধা আদায়ে মালয়েশিয়ার সঙ্গে আলোচনা হবে: প্রধানমন্ত্রী

বৈঠকে বাণিজ্য-বিনিয়োগ সম্প্রসারণ, জ্বালানি সহযোগিতা, হালাল অর্থনীতি, কর্মী প্রেরণ, সেমিকন্ডাক্টর শিল্প ও কৃষি, শিক্ষা ও জন-যোগাযোগসহ বিভিন্ন ক্ষেত্রে দুই দেশের মধ্যে অধিকতর সহযোগিতা স্থাপনের বিষয়ে আলোচনা হবে বলে জানান পররাষ্ট্র সচিব।

দ্বিপক্ষীয় বৈঠকের পরে দুই সরকারপ্রধান আনুষ্ঠানিক যৌথ সংবাদ সম্মেলনে যোগ দেবেন। এই সংবাদ সম্মেলন শেষে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর বাসভবনে সহধর্মিণী জুবাইদা রহমান এবং সফরসঙ্গীদের মধ্যাহ্নভোজে অংশ নেবেন তারেক রহমান।

এ সময়ে মালয়েশিয়ার প্রখ্যাত শিল্পীরা মালয় এবং বাংলা ভাষায় গানসহ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করবেন।

আরটিভি/এসএইচএম