images

জাতীয়

শেখ হাসিনার আত্মসমর্পণ ও আ.লীগের ভবিষ্যৎ নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

বুধবার, ১৫ জুলাই ২০২৬ , ০৬:০২ পিএম

ভারত থেকে দেশে ফিরে আত্মসমর্পন ও আইনি লড়াই চালানোর বার্তা দিয়েছেন জুলাই অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সম্প্রতি আন্তর্জাতিক গণমাধ্যমে দেওয়া তার এই বার্তা নিয়ে ব্যাপক আলোচনা চলছে দেশজুড়ে। এরই ধারাবাহিকতায় বিষয়টি নিয়ে এবার কথা বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একইসঙ্গে কার্যক্রমে নিষেধাজ্ঞাপ্রাপ্ত আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়েও নতুন বার্তা দিয়েছেন তিনি।  

বুধবার (১৫ জুলাই) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) মিলনায়তনে জাতীয়তাবাদী ছাত্রদল আয়োজিত ‘গণ-অভ্যুত্থানের বাঁক বদলের দিন’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব নিয়ে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

সালাহউদ্দিন আহমদ বলেন, শেখ হাসিনার আত্মসমর্পণের কোনও সুযোগ নেই। তিনি বাংলাদেশের সীমানায় প্রবেশ করলেই তাকে গ্রেপ্তার করা হবে এবং প্রচলিত আইন অনুযায়ী আদালতের রায় কার্যকর করা হবে।

তবে, তার আপিল করার কোনো অধিকার থাকলে, সেটি আইন ও আদালত দেখবে বলে উল্লেখ করেন তিনি।

এ সময় আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশের সংবিধানের ৪৭ অনুচ্ছেদ অনুযায়ী রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগকে বিচারের মুখোমুখি করা যাবে। 

তবে, দল হিসেবে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করা সঠিক হবে না উল্লেখ করে তিনি বলেন, ‘মাফিয়া সংগঠন হিসেবেই তাদের রাজনৈতিক ভাগ্য নির্ধারিত হোক। আমরা কোনো রাজনৈতিক দলের রাজনীতি করাকে নিষিদ্ধ করা সঠিক মনে করি না।’

আরও পড়ুন
Web-Image16

পাচার ও চোরাচালান রুখতে নতুন আইন কার্যকর ভূমিকা রাখবে: স্বরাষ্ট্রমন্ত্রী

বক্তব্যে বিগত ২০২৪ সালের জুলাই আন্দোলনের কথা স্মরণ করে সালাহউদ্দিন আহমদ বলেন, জুলাইয়ের কৃতিত্ব কোনো একক ব্যক্তির নয়; এ দেশের সর্বস্তরের জনগণ এই আন্দোলনে অংশ নিয়েছেন, তাই এই অর্জন সবার। কেউ যাতে জুলাইয়ের শক্তিকে ব্যবহার করে ভিন্ন কোনো উদ্দেশ্য হাসিল করতে না পারে। এই শক্তিকে আরও শক্তিশালী করে ফ্যাসিবাদবিরোধী গণতান্ত্রিক সমাজ গড়ে তুলতে হবে।

মন্ত্রী আরও বলেন, ১৫ জুলাই এই টিএসসিতে দাঁড়িয়ে সবাইকে অঙ্গীকার করতে হবে যে, বাংলাদেশে আর কখনও কোনো ফ্যাসিবাদের উত্থান হতে দেয়া যাবে না। রাষ্ট্রের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করার পাশাপাশি ‘জুলাই জাতীয় সনদ’ অনুসারে সংবিধানসহ অন্যান্য আইনকানুন সংস্কার করা হবে বলেও তিনি পুনর্ব্যক্ত করেন।

বিএনপির ৩১ দফা সংস্কার প্রস্তাবের কথা উল্লেখ করে তিনি বলেন, আমরা আগে থেকেই সংস্কার ও সংশোধন চেয়েছিলাম, এ জন্যই ৩১ দফা প্রণয়ন করা হয়েছিল।

আরটিভি/এসএইচএম