images

জাতীয়

হরমুজ পাড়ি দেওয়া এমভি বাংলার জয়যাত্রার ১৬ নাবিক দেশে ফিরছেন আজ

মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ , ১০:০৬ এএম

দীর্ঘ চার মাসের রুদ্ধশ্বাস স্মৃতি ভুলতে বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) ‘এমভি বাংলার জয়যাত্রা’ জাহাজ ছাড়ছেন ক্যাপ্টেন ও চিফ ইঞ্জিনিয়ারসহ ১৭ জন নাবিক। দক্ষিণ আফ্রিকার ডারবান বন্দর থেকে আনুষ্ঠানিকভাবে অব্যাহতি নিয়েছেন তারা। এর মধ্য ১৬ জন আজ একটি ফ্লাইটে দেশে ফিরছেন।  

মঙ্গলবার (২১ জুলাই) ক্যাপ্টেন মো. শফিকুল ইসলামসহ ১৬ জনকে নিয়ে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে। তবে চিফ ইঞ্জিনিয়ার রাশেদুল হাসান দেশে না ফিরে ব্যক্তিগত প্রয়োজনে যুক্তরাষ্ট্র যাচ্ছেন। 

ইরানের সঙ্গে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যুদ্ধের কারণে পারস্য উপসাগর ও হরমুজ প্রণালিতে প্রায় চার মাস আটকা পড়েছিলেন বাংলার জয়যাত্রা জাহাজে থাকা ৩১ নাবিক ও ক্রু। এর মধ্যে দায়িত্ব বুঝিয়ে দিয়ে ১৭ জন ডারবান বন্দর থেকে অব্যাহতি নেন। 

আরও পড়ুন
Web-Image

হরমুজ পাড়ি দেওয়া বাংলার জয়যাত্রার ১৭ নাবিক ফিরবেন মঙ্গলবার

চিফ ইঞ্জিনিয়ার রাশেদুল হাসান জানান, দীর্ঘদিন ধরে যুদ্ধকালীন রুদ্ধশ্বাস পরিস্থিতির মুখোমুখি ছিলেন তারা। এ জন্য মানসিক চাপে আছেন অনেক নাবিক। ৩১ নাবিকের মধ্যে তাই প্রথম দফায় ১৭ জন নাবিক বন্দর থেকে অব্যাহতি নিয়েছেন। তাদের পরিবর্তে ১৫ জন নতুন নাবিক জাহাজের দায়িত্ব বুঝে নিচ্ছেন। তিনি বলেন, চরম উদ্বেগ-উৎকণ্ঠার মধ্যেও তারা জাহাজটি সফলভাবে দক্ষিণ আফ্রিকায় নিয়ে যেতে সক্ষম হন। 

বিএসসির ব্যবস্থাপনা পরিচালক কমডোর মাহমুদুল মালেক জানান, ডারবান বন্দরে পণ্য খালাস শেষে সেখানে জাহাজে চিনি বোঝাই করা হবে। এরপর জাহাজটি মালয়েশিয়ার উদ্দেশে যাত্রা করবে।

গত ফেব্রুয়ারি থেকে পারস্য উপসাগরে আটকা পড়ে রাষ্ট্রীয় মালিকানাধীন বাল্ক ক্যারিয়ার এমভি বাংলার জয়যাত্রা। চোখের সামনে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার মতো ভয়াবহ যুদ্ধ পরিস্থিতির মধ্যেও ৩১ জন বাংলাদেশি নাবিক জাহাজ ও নিজেদের নিরাপদ রাখতে সক্ষম হন। দীর্ঘ কূটনৈতিক ও বাণিজ্যিক প্রচেষ্টার পর গত ২২ জুন হরমুজ প্রণালি অতিক্রমের অনুমতি পেয়ে জাহাজটি মুক্ত হয়। এরপর এটি সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরাহ বন্দর হয়ে গত ১৬ জুলাই দক্ষিণ আফ্রিকার ডারবান বন্দরে নিরাপদে নোঙর করে।

আরটিভি/এমএ