বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ , ০৭:২৯ পিএম
বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারের আলোকে গৃহীত ১৮০ দিনের কর্মপরিকল্পনা বাস্তবায়নের অগ্রগতি প্রতিবেদন নির্ধারিত সময়ের মধ্যে পাঠাতে দেশের সব পৌরসভাকে নির্দেশ দিয়েছে স্থানীয় সরকার বিভাগ (এলজিডি)।
মঙ্গলবার (২৮ জুলাই) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অধীন স্থানীয় সরকার বিভাগের পৌর-১ শাখা থেকে এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়।
চিঠিতে বলা হয়, প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশনা অনুযায়ী কর্মপরিকল্পনার ১৮০তম দিন অর্থাৎ আগামী ১৬ আগস্ট পর্যন্ত বাস্তবায়ন কার্যক্রমের অগ্রগতি প্রতিবেদন প্রস্তুত করতে হবে।
এ লক্ষ্যে ১৬ আগস্ট পর্যন্ত বাস্তবায়নের অগ্রগতির তথ্য সংবলিত প্রতিবেদন স্থানীয় সরকার বিভাগে পাঠাতে সব পৌরসভাকে নির্দেশ দেওয়া হয়েছে।
নির্দেশনায় বলা হয়েছে, প্রতিবেদনটি Nikosh Font-এ ওয়ার্ড ফাইল আকারে lgpaura1@lgd.gov.bd ই-মেইল ঠিকানায় পাঠাতে হবে। পাশাপাশি প্রতিবেদনটির হার্ডকপিও স্থানীয় সরকার বিভাগের পৌর-১ শাখায় বাধ্যতামূলকভাবে জমা দিতে হবে।
স্থানীয় সরকার বিভাগের যুগ্মসচিব মো. সগীর হোসেন স্বাক্ষরিত চিঠিটি দেশের সব বিভাগীয় স্থানীয় সরকার পরিচালকের কাছে পাঠানো হয়েছে।
এ নির্দেশনা স্থানীয় সরকার বিভাগের সরকারি ওয়েবসাইটে প্রকাশের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বিভাগের সিস্টেম অ্যানালিস্টকেও অনুরোধ করা হয়েছে। সূত্র: বাসস
আরটিভি/আইএম