শুক্রবার, ০৭ আগস্ট ২০২৬ , ০৭:২০ পিএম
কৃষকের উৎপাদিত ফসলের ন্যায্যমূল্য নিশ্চিত, সংরক্ষণ সক্ষমতা বৃদ্ধি এবং কৃষিকে আরও লাভজনক করতে চাঁদপুরের কচুয়ায় বিনামূল্যে হাইব্রিড সোলার অপারেটেড মিনি কোল্ড স্টোরেজ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। সরকারের পাইলট প্রকল্পের আওতায় বাস্তবায়িত এই উদ্যোগকে কচুয়ার কৃষি উন্নয়নের নতুন দিগন্ত হিসেবে উল্লেখ করেছেন শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন।
শুক্রবার (৭ আগস্ট) বিকেলে কচুয়া উপজেলার সাচার এলাকায় ২০২৫-২০২৬ অর্থবছরের কৃষি পুনর্বাসন সহায়তা খাতের আওতায় আয়োজিত মিনি কোল্ড স্টোরেজ বিতরণ ও উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, কচুয়া অন্যতম আলু উৎপাদনকারী অঞ্চল। পাশাপাশি রবি মৌসুমে এখানে বিভিন্ন ধরনের কৃষিপণ্য উৎপাদিত হয়। কৃষকদের উৎপাদিত ফসল সংরক্ষণে দীর্ঘদিনের যে সংকট ছিল, তা দূর করতে সরকার পরীক্ষামূলকভাবে এই মিনি কোল্ড স্টোরেজ স্থাপন করেছে।
মন্ত্রী বলেন, প্রকৃত কৃষকরা এসব কোল্ড স্টোরেজে আলু, বীজ, ডিমসহ বিভিন্ন কৃষিপণ্য সংরক্ষণ করতে পারবেন। এতে কৃষকদের আর মৌসুম শেষে কম দামে ফসল বিক্রি করতে হবে না। প্রয়োজন অনুযায়ী সংরক্ষণ করে সুবিধাজনক সময়ে বিক্রির সুযোগ তৈরি হবে, যা কৃষকের আয় বৃদ্ধি ও কৃষি অর্থনীতিকে আরও শক্তিশালী করবে।
মন্ত্রী ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলেন, রেজিস্টার মানেই সংঘবদ্ধ ব্যবসা। বাজারের উন্নয়ন, ব্যবসায়ীদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা এবং সব দাবি আদায়ের জন্য সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। বাজার সমিতি এমনভাবে পরিচালিত হবে, যেখানে সদস্যদের সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেওয়া হবে। বাজার সমিতিই হবে সেই বাজারের সংসদ।
তিনি আরও বলেন, আমরা সামাজিক উন্নয়ন ও বৈষম্যহীন সমাজব্যবস্থা প্রতিষ্ঠা করতে চাই। অতীতের সঙ্গে বর্তমানের পার্থক্য মানুষ আজ অনুভব করছে। এখন ব্যবসায়ীরা নিরাপদে ব্যবসা করতে পারছেন, কেউ অযথা হয়রানি করছে না।
বিগত আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে ড. মিলন বলেন, আমি কচুয়ার সন্তান। আওয়ামী দুঃশাসনের সময় মানুষ কীভাবে নির্যাতিত হয়েছে, তা আমি নিজ চোখে দেখেছি। সাচার বাজারে ফ্যাসিবাদী শাসনের কারণে কেউ মুখ খুলতে পারত না। এলাকায় যে ডাকবাংলো ছিল, সেটিও একসময় মাদকাসক্তদের আড্ডাস্থলে পরিণত হয়েছিল।
জুলাইয়ের গণ-অভ্যুত্থানের প্রসঙ্গ টেনে তিনি বলেন, জুলাইয়ের সেই নির্মম হত্যাযজ্ঞ আমাদের ভুলে গেলে চলবে না। অতীতের দুঃস্বপ্নকে শিক্ষা হিসেবে ধারণ করে সুন্দর ভবিষ্যৎ গড়ে তুলতে হবে। কোথায় ছিলাম, কোথায় এসেছি এবং কোথায় যেতে চাই— সেই উপলব্ধি থেকেই দেশকে এগিয়ে নিতে হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান রাসেল। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা তপু আহমেদ, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সৈকত দাস, উপজেলা উত্তর বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ মিয়াজী, শিক্ষা বিষয়ক সম্পাদক জসিম উদ্দিন, উপজেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি মনির হোসেন, উপজেলা কৃষকদলের সভাপতি মিজান মোল্লা, ইউনিয়ন বিএনপির সভাপতি শফিকুল ইসলাম সবু, সাধারণ সম্পাদক জহির সরকার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারন সম্পাদক আতিকুর রহমান জুয়েলসহ স্থানীয় কৃষক, ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে কৃষকদের মাঝে হাইব্রিড সোলার অপারেটেড মিনি কোল্ড স্টোরেজ বিতরণ করা হয় এবং এর আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করা হয়। এই উদ্যোগের মাধ্যমে কচুয়ার কৃষকদের উৎপাদিত কৃষিপণ্য সংরক্ষণ সহজ হবে এবং ন্যায্যমূল্য নিশ্চিত করার ক্ষেত্রে নতুন সম্ভাবনার সৃষ্টি হবে।
আরটিভি/ এসকেডি