images

রাজনীতি

আসিফের গণঅধিকারে যোগ দেওয়া নিয়ে যা জানা যাচ্ছে

বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫ , ০২:৩৫ পিএম

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করেছেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের দল গণঅধিকার পরিষদে যোগ দিচ্ছেন বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক মো. রাশেদ খান। 

বুধবার (১০ ডিসেম্বর) রাত সাড়ে ১০টার দিকে দেশের একটি গণমাধ্যমকে তিনি বিষয়টি নিশ্চিত করেন।

রাশেদ খান বলেন, আমাদের ছাত্র সংগঠনের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছিল আসিফ মাহমুদ। ফ্যাসিস্ট হাসিনার শাসনামলে কোটাবিরোধী আন্দোলন থেকে শুরু করে আমাদের সঙ্গে রাজপথের সব লড়াই-সংগ্রামে ছিল সে। এমনকি সেসময় অনেক নির্যাতনের শিকার হতে হয়েছে তাকে।

তিনি আরও বলেন, আসিফের সঙ্গে আমাদের আলাপ চলছে। এর আগেও সে গণঅধিকার পরিষদের রাজনীতির সঙ্গে যুক্ত ছিল। দলে তাকে সম্মানজনক পদ দেওয়া হবে। এ নিয়ে তার সঙ্গে আমাদের আলোচনা হয়েছে। খুব শিগগিরই বিষয়টি চূড়ান্ত করা হবে। তবে তাকে আমরা যেকোনো মূল্যে দলে ফেরাতে চাই।

আরও পড়ুন
Web-Image10

আওয়ামী আমলের মতো নয়, এবার হবে নিরপেক্ষ নির্বাচন: মির্জা ফখরুল

এর আগে, বুধবার সন্ধ্যায় যমুনায় গিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে পদত্যাগপত্র জমা দেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তার পূর্বে, বিকেলে সচিবালয়ের স্থানীয় সরকার বিভাগের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আমি নির্বাচন করব, এটা নিশ্চিত। যে দল থেকেই নির্বাচন করি সেটা পরে জানানো হবে।’

প্রসঙ্গত, আগামী জাতীয় নির্বাচনে প্রার্থী হওয়ার উদ্দেশ্যে উপদেষ্টার পদ ছেড়েছেন আসিফ মাহমুদ। রাজনৈতিক অঙ্গনে আলোচনা রয়েছে, তিনি ঢাকা-১০ আসন (ধানমন্ডি, কলাবাগান, নিউমার্কেট ও হাজারীবাগ) থেকে নির্বাচন করতে পারেন। ইতোমধ্যে তিনি এ আসনের ভোটারও হয়েছেন।

আরটিভি/আইএম