সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫ , ১১:০৫ এএম
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্রপ্রার্থী ওসমান হাদিকে হত্যার উদ্দেশ্যে গুলি করার ঘটনার সঙ্গে জড়িত শ্যুটার সাবেক ছাত্রলীগ নেতা ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান এবং তার সহযোগী মোটরবাইক চালক আলমগীর হোসেন বর্তমানে ভারতের আসামের গুয়াহাটিতে অবস্থান করছেন বলে দাবি করেছেন আল-জাজিরার সাংবাদিক জুলকারনাইন সায়ের।
সায়ের জানিয়েছেন, ফয়সাল করিম মাসুদ গত ১২ ডিসেম্বর ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্ত দিয়ে ভারতে পাড়ি জমিয়েছে। ভারতের প্রবেশের পর তাকে ভারতে পালাতে সাহায্য করার জন্য জাহাঙ্গীর কবির নানকের ব্যক্তিগত নিরাপত্তা কর্মকর্তা মো. মাসুদুর রহমান বিপ্লব তাকে একটি ভারতীয় মোবাইল নম্বর ( +৯১৬০০১৩৯৪০** ) দিয়েছেন। ওই নম্বর ব্যবহার করে ফয়সাল ভারতের গুয়াহাটিতে থাকা কিছু সেলফি বিভিন্ন নম্বরে পাঠিয়েছেন। সেই সেলফি ইন্টারসেপ্ট করে যাচাই করা হয়েছে যে, ছবিগুলো আসামের গুয়াহাটিতে তোলা হয়েছে।
বিশেষ গোয়েন্দা সূত্র জানিয়েছে, ফয়সাল এই মোবাইল নম্বর ব্যবহার করে নিজের অবস্থান সম্পর্কে ঘনিষ্ঠ মহলে তথ্য দিয়েছেন। এই তথ্য প্রমাণ করে যে, হত্যার ঘটনায় অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ বর্তমানে ভারতের আসামে লুকিয়ে রয়েছেন।
এই ঘটনার তদন্ত চলছে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ফয়সাল ও তার সহযোগীদের গ্রেফতারের জন্য তৎপর রয়েছেন।
আরটিভি/এসকে