images

রাজনীতি

বিএনপিতে যোগ দিলেন রাশেদ

শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫ , ০৪:১১ পিএম

গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. রাশেদ খাঁন বাংলাদেশ জাতীয়তাবাদী দলে (বিএনপি) যোগ দিয়েছেন। ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ ও সদরের আংশিক) আসনে তিনি বিএনপির প্রতীক ধানের শীষে নির্বাচন করবেন। 

শনিবার (২৭ ডিসেম্বর) দুপুরে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদের হাতে ফুলের তোড়া দিয়ে আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন রাশেদ খাঁন।

এ সময় মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের জানান, বিএনপি সিদ্ধান্ত নিয়েছে ঝিনাইদহ-৪ আসন (কালীগঞ্জ ও ঝিনাইদহ সদরের চারটি ইউনিয়ন) থেকে ধানের শীষ প্রতীকে রাশেদ খাঁন নির্বাচন করবেন। তিনি আরও বলেন, এটি আমাদের দলের সিদ্ধান্ত। ঝিনাইদহ-৪ আসনের বিএনপির সকল নেতাকর্মীকে রাশেদ খাঁনের সঙ্গে ঐক্যবদ্ধভাবে কাজ করে তাকে বিজয়ী করার আহ্বান জানাচ্ছি।

এর আগে রাশেদ খাঁন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের কাছে দলের সাধারণ সম্পাদকের পদ থেকে পদত্যাগপত্র জমা দেন। জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভের কৌশল হিসেবে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

আরও পড়ুন
Web-Image---Copy

ঝিনাইদহ-৪ আসনের ভোটার হলেন রাশেদ খান

নুরুল হক নুরের কাছে পাঠানো পদত্যাগপত্রে রাশেদ খাঁন লেখেন, ২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলন থেকে দীর্ঘদিন একসঙ্গে রাজপথের আন্দোলন ও রাজনৈতিক পথচলায় অংশ নেওয়ার কথা উল্লেখ করে তিনি সহযোদ্ধাদের কাছে কোনো আচরণ বা বক্তব্যে কষ্ট দিয়ে থাকলে ক্ষমা প্রার্থনা করেন। পাশাপাশি পদত্যাগে সম্মতি দেওয়ায় দলের সভাপতিকে ধন্যবাদ জানান এবং ভবিষ্যতেও পারস্পরিক সম্পর্ক ভ্রাতৃত্বের বন্ধনে অটুট থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

আরটিভি/এসকে