images

রাজনীতি

শেখ হাসিনাকে ফেরত এনে বিচারের মুখোমুখি করবে বিএনপি: সালাহউদ্দিন

শনিবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৬ , ১২:১২ এএম

সরকার গঠনের পর বিএনপি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত থেকে ফেরত এনে বিচারের মুখোমুখি করার প্রক্রিয়া শুরু করবে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।

সালাহউদ্দিন আহমদ বলেন, যেহেতু শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত চলছে এবং বাংলাদেশ আওয়ামী লীগের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে, তাই ভারত সরকারের সঙ্গে বিদ্যমান প্রত্যর্পণ চুক্তির ভিত্তিতে তাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার প্রক্রিয়া শুরু করা হবে।

এ প্রক্রিয়া পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে আইনি পথেই সম্পন্ন হবে বলে উল্লেখ করেন তিনি।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য বলেন, বাংলাদেশের ইতিহাসে এ নির্বাচন একটি মাইলফলক। সারা বিশ্ব একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দিকে তাকিয়ে ছিল। দু-একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া প্রায় শতভাগ শান্তিপূর্ণ পরিবেশে জনগণ ভোটাধিকার প্রয়োগ করেছে। ভোটাররা ভোট দেওয়ার পাশাপাশি ভোটকেন্দ্র পাহারা দিয়ে গণতন্ত্র রক্ষা করেছে।

আরও পড়ুন
jammat

বাধ্য করা হলে রাজপথে নামবো: জামায়াত আমির

এসময় তিনি আশা প্রকাশ করে বলেন, স্বাধীনতার পর এই সংসদই সবচেয়ে বেশি আইন প্রণয়নকারী এবং জন-আকাঙ্ক্ষার প্রতিফলক হবে। নতুন সরকারের তিনটি মূল অগ্রাধিকার থাকবে। এগুলো হলো আইনের শাসন প্রতিষ্ঠা, অর্থনৈতিক সমৃদ্ধি ও দুর্নীতি নির্মূল।

সালাহউদ্দিন আহমদ বলেন, এবারের নির্বাচনে বিএনপির বিজয় প্রত্যাশিত ছিল এবং তারেক রহমানের উপস্থিতি ঘিরে মানুষের অংশগ্রহণ লক্ষণীয় ছিল। দেশে এবার শক্তিশালী গণতন্ত্রের ভিত্তি রচিত হয়েছে।

জুলাই সনদ বাস্তবায়ন প্রসঙ্গে তিনি বলেন, জুলাই সনদ রাজনৈতিক সমঝোতার প্রতীক এবং তা অক্ষরে অক্ষরে পালন করা হবে। তরুণ প্রজন্মের প্রত্যাশা অনুযায়ী মেধানির্ভর ও প্রযুক্তিনির্ভর দেশ গঠনের লক্ষ্যে সবার সহযোগিতা কামনা করেন তিনি।

গেজেটের মাধ্যমে ফলাফল ঘোষণার পর সাংবিধানিক নিয়ম অনুযায়ী শপথ অনুষ্ঠিত হবে বলেও জানান বিএনপির সিনিয়র এ নেতা।

আরটিভি/এসএইচএম