শুক্রবার, ১০ জুলাই ২০২৬ , ০৮:০০ পিএম
বন্যাকবলিত এলাকায় ত্রাণ ও উদ্ধার কার্যক্রমে সহায়তার জন্য সংশ্লিষ্ট জেলা ও মহানগর যুবদল নেতৃবৃন্দের প্রতি জরুরি নির্দেশনা দিয়েছে জাতীয়তাবাদী যুবদল। একইসঙ্গে একটি মেডিকেল টিম গঠন করেছে সংগঠনটি।
শুক্রবার (১০ জুলাই) এক বিবৃতিতে এ নির্দেশনা দিয়েছেন যুবদল সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক নূরুল ইসলাম নয়ন।
বিবৃতিতে তারা বলেন, ‘টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে দেশের বন্যা পরিস্থিতি বিশেষ করে চট্টগ্রাম, খাগড়াছড়ি, বান্দরবান, রাঙ্গামাটি, কক্সবাজার, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, সিলেট, সুনামগঞ্জ ও মৌলভীবাজারসহ ময়মনসিংহ ও রংপুর বিভাগের বিভিন্ন জেলায় আকস্মিক বন্যা পরিস্থিতিতে পানিবন্দি ও পাহাড় ধসে ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের সহায়তায় দলীয় নেতাকর্মীদের জন্য বিশেষ নির্দেশনা দেওয়া হলো।
নির্দেশনার মধ্যে রয়েছে, স্থানীয় বিএনপির সঙ্গে সমন্বয় করে নিজ নিজ এলাকায় বন্যাকবলিত মানুষের পাশে থেকে উদ্ধার, ত্রাণ ও মানবিক সহায়তা কার্যক্রমে সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে হবে। বিশুদ্ধ পানি, শুকনো খাবার, শিশুখাদ্য, ওষুধ, স্যালাইন, স্যানিটারি সামগ্রীসহ প্রয়োজনীয় ত্রাণসামগ্রী সংগ্রহ ও বিতরণের উদ্যোগ গ্রহণ। শিশু, নারী, বয়স্ক, অসুস্থ ও প্রতিবন্ধী ব্যক্তিদের সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে সহায়তা প্রদান করতে হবে।
প্রয়োজনে কেন্দ্রীয়ভাবে গঠিত মেডিকেল টিমের সদস্যদের কাছ থেকে প্রাথমিক চিকিৎসা ও স্বাস্থ্যসেবা সম্পর্কে পরামর্শ গ্রহণ এবং বিশেষ পরিস্থিতিতে দুর্গত এলাকায় মেডিকেল টিমের সদস্যদের উপস্থিতির প্রয়োজন হলে কেন্দ্রীয় নির্বাহী কমিটিকে অবহিত করতে হবে। বন্যাকবলিত এলাকায় পরিচ্ছন্নতা, নিরাপদ পানির ব্যবহার এবং স্বাস্থ্যবিধি সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কাজ করতে হবে।
নির্দেশনায় বলা হয়, কার্যক্রম পরিচালনার সময় নেতাকর্মীদের ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করতে হবে। ঝুঁকিপূর্ণ এলাকায় সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে। মানবিক সহায়তা কার্যক্রমে শৃঙ্খলা, সহমর্মিতা ও দায়িত্বশীল আচরণ বজায় রাখতে হবে এবং দুর্গত মানুষের মর্যাদার প্রতি সর্বোচ্চ সম্মান প্রদর্শন করতে হবে। পরিচালিত কার্যক্রমের সংক্ষিপ্ত প্রতিবেদন, ছবি ও তথ্য যথাসময়ে কেন্দ্রীয় নির্বাহী কমিটির কাছে প্রেরণ করতে হবে।
প্রত্যেকটি জেলা ও মহানগর এবং অধিনস্থ ইউনিটের প্রতিটি নেতাকর্মীকে দলীয় আদর্শের পাশাপাশি মানবিক মূল্যবোধকে ধারণ করে বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়ানোর এবং তাদের দুর্ভোগ লাঘবে সর্বোচ্চ আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করার জন্য এ নির্দেশনা দেওয়া হয়।
মেডিকেল টিম গঠন
এদিকে, টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে দেশের বিভিন্ন জেলায় আকস্মিক বন্যা পরিস্থিতির উদ্ভবে পানিবন্দি ও পাহাড় ধসে ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের সহায়তায় গঠিত মেডিকেল টিম গঠন করেছে যুবদল। মেডিকেল টিমের সভাপতি হলেন যুবদলের কেন্দ্রীয় সহসভাপতি ডা. লোহানী মোহাম্মদ তাজুল ইসলাম, সমন্বয়ক হয়েছেন যুবদলের কেন্দ্রীয় স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. গালিব হাসান, সদস্য হিসেবে আছেন স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. বেলাল হোসেন নাজিম, সহ-স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. মাহমুদুল হাসান খান সুমন ও ডা. আল মামুন হাসান খান এমিল।
আরটিভি/এমএ