বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫ , ০২:০৯ পিএম
নিউইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে সম্প্রতি জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেনকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ করে বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের যুক্তরাষ্ট্র শাখার নেতাকর্মীরা। এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।
স্থানীয় সময় রাত ১টা ও বাংলাদেশ সময় বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকাল ১১টায় এয়ারপোর্টের পাশে পোর্ট অথোরিটি পুলিশ ডিপার্টমেন্ট থানায় এ মামলা করেন এনসিপি নেতা আখতার হোসেন। পরে এক ভিডিওবার্তায় এ তথ্য জানানো হয়।
ভিডিওতে আখতার হোসেন বলেন, এয়ারপোর্টের হামলার পরে আজ সন্ধ্যাবেলা আওয়ামী সন্ত্রাসীরা আবার আমার হোটেল লবিতে এসেছিল হামলা করার উদ্দেশ্যে। সে সময় যুক্তরাষ্ট্রে অবস্থানরত এনসিপির সদস্যরা এবং শুভাকাঙ্ক্ষীরা তাদের প্রতিহত করেন এবং পুলিশের সঙ্গে যোগাযোগ করেন।
তিনি আরও বলেন, পরবর্তীতে পুলিশ ইনভেস্টিগেশন অফিসার এসে আমাদের মামলা দায়েরের পরামর্শ দেন। তারই প্রেক্ষিতে আমি এয়ারপোর্টের কাছাকাছি থানায় এসে মামলা করেছি। যারা সেদিন আমাদের ওপর হামলা চালিয়েছিল, হত্যাচেষ্টা করেছিল এবং মৃত্যুর হুমকি দিয়েছিল, তাদের বিরুদ্ধে এ মামলা দায়ের করা হয়েছে।
এই এনসিপি নেতা বলেন, একই সঙ্গে আমরা ইউএস পুলিশকে অবহিত করেছি যে, এ ঘটনায় জড়িতরা বাংলাদেশে নিষিদ্ধ একটি সংগঠনের সঙ্গে যুক্ত, যারা গত বছর বাংলাদেশে গণহত্যা ও মানবতার বিরুদ্ধে অপরাধ চালিয়েছে। আমরা এ ব্যাপারে জাতিসংঘের রিপোর্ট সম্পর্কেও তাদের জানিয়েছি।
এর আগে স্থানীয় সময় সোমবার (২২ সেপ্টেম্বর) নিউইয়র্ক থেকে এক ভিডিও বার্তায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন বলেছিলেন, শেখ হাসিনার গুলি-বুলেটকে বিন্দুমাত্র ভয় পাইনি, ভাঙা ডিমে কিছুই আসে যায় না।
প্রসঙ্গত, জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে সম্প্রতি প্রধান উপদেষ্টা ও তার সফরসঙ্গীরা এমিরেটসের একটি ফ্লাইটে নিউইয়র্কে পৌঁছালে বিমানবন্দরের বাইরে আওয়ামী লীগ কর্মীরা বিক্ষোভ করেন। এ সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, এনসিপি সদস্যসচিব আখতার হোসেন ও সিনিয়র যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারাকে ঘিরে স্লোগান দেওয়া হয়।
প্রধান উপদেষ্টার প্রেস উইং এবং কয়েকজন বিএনপির কর্মী তাদের নিরাপত্তা দিয়ে বের করার চেষ্টা করেন। এ সময় আখতার হোসেনকে লক্ষ্য করে ডিম ছোড়েন আওয়ামী লীগ ও যুবলীগের কয়েকজন কর্মী। তাসনীম জারাকেও অশালীন ভাষায় গালিগালাজ করেন তারা। প্রতিবাদে ইনকিলাব জিন্দাবাদ স্লোগান তোলেন আখতার। পরে পুলিশের সহযোগিতায় গাড়িযোগে বিমানবন্দর এলাকা ছাড়েন তারা।
আরটিভি/আইএম