images

প্রবাস

নেপালের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬ , ০৬:১১ পিএম

নেপালে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. শফিকুর রহমান মঙ্গলবার (২১ এপ্রিল) নেপালের পররাষ্ট্রমন্ত্রী শিশির খানালের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

রাষ্ট্রদূত নেপালের নতুন পররাষ্ট্রমন্ত্রীকে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানান এবং তার গতিশীল নেতৃত্বে একসঙ্গে কাজ করতে বাংলাদেশ প্রস্তুত রয়েছে বলে উল্লেখ করেন।

বৈঠকে উভয় পক্ষ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে গঠনমূলক আলোচনা করেন।

এ সময় উভয়েই দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধিতে সহায়ক সম্ভাবনাময় খাতগুলো নিয়ে আলোচনা করেন এবং দুই দেশের মধ্যে অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি (পিটিএ) দ্রুত চূড়ান্ত করার গুরুত্ব তুলে ধরেন। পাশাপাশি পর্যটন, কৃষি, খাদ্য নিরাপত্তা ও জলবিদ্যুৎ খাতে সম্ভাব্য সহযোগিতা নিয়েও আলোচনা হয়।

আরও পড়ুন
Web-Image---Copy

স্ত্রীকে রেখেই যুক্তরাষ্ট্র ছাড়তে বাধ্য হলেন বাংলাদেশি ছাত্র

নেপালের পররাষ্ট্রমন্ত্রী পর্যটন খাতের উন্নয়ন এবং জনগণের পারস্পরিক যোগাযোগ বাড়াতে পোখারা ও কক্সবাজারের মধ্যে সরাসরি বিমান যোগাযোগ স্থাপনের গুরুত্ব তুলে ধরেন।

রাষ্ট্রদূত রহমান অগ্রাধিকার খাতে দ্বিপাক্ষিক সম্পৃক্ততার পূর্ণ সম্ভাবনা কাজে লাগাতে একটি কৌশলগত সহযোগিতা কাঠামো বা পরিকল্পনা গড়ে তোলার প্রস্তাব দেন।

তিনি সাম্প্রতিক নির্বাচনী ম্যান্ডেট ও জনগণের ব্যাপক সমর্থনের কথা উল্লেখ করে বলেন, বিদ্যমান সহযোগিতা পর্যালোচনা করে তা নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য এখনই উপযুক্ত সময়।

এ প্রসঙ্গে তিনি বলেন, অর্থনৈতিক উন্নয়ন ও শান্তির লক্ষ্যে দুই দেশের প্রচেষ্টায় যে গতি ও সমন্বয় রয়েছে, তা কাজে লাগিয়ে সহযোগিতা আরও জোরদার করতে বাংলাদেশ প্রস্তুত রয়েছে।

আরটিভি/এমএইচজে