রোববার, ০৩ মে ২০২৬ , ০৮:৫০ এএম
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় মর্মান্তিক হত্যাকাণ্ডের শিকার বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের মরদেহ দেশে পাঠানো হয়েছে।
স্থানীয় সময় শনিবার (২ মে) সন্ধ্যায় ফ্লোরিডার ওরল্যান্ডো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এমিরেটস এয়ারলাইনসের একটি ফ্লাইটে মরদেহটি বাংলাদেশের উদ্দেশ্যে রওনা হয়। সোমবার (৪ মে) সকাল ৮টা ৪০ মিনিটে মরদেহটি ঢাকা পৌঁছানোর কথা রয়েছে।
মায়ামিস্থ বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের কনসাল জেনারেল সেহেলী সাবরীন এবং কনসাল থোইং বিমানবন্দরে উপস্থিত থেকে মরদেহ পাঠানোর পুরো প্রক্রিয়াটি তদারকি করেন। গত ২৪ এপ্রিল লিমনের মরদেহ উদ্ধারের পর থেকেই দ্রুততম সময়ে তা দেশে পাঠাতে কাজ শুরু করে ওয়াশিংটন ডিসির বাংলাদেশ দূতাবাস এবং মায়ামি কনস্যুলেট। এই প্রক্রিয়ায় নিহতের পরিবার, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, টাম্পার প্রবাসী বাংলাদেশি এবং সংশ্লিষ্ট পুলিশ বিভাগের সঙ্গে সমন্বয় করে সব আইনি ধাপ সম্পন্ন করা হয়েছে।
এর আগে গত বৃহস্পতিবার টাম্পার ইস্তাবা ইসলামিক সোসাইটি মসজিদে লিমনের জানাজা অনুষ্ঠিত হয়। সেখানে ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার শিক্ষার্থী, নিহতের স্বজন এবং স্থানীয় প্রবাসী বাংলাদেশিরা অংশ নেন। লিমনের মরদেহ পাঠানোর পাশাপাশি একই ঘটনায় নিহত অপর বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ দেশে পাঠানোর প্রক্রিয়াও শুরু হয়েছে। ৩০ এপ্রিল হিলসবোরো কাউন্টির শেরিফ অফিস বৃষ্টির মরদেহ শনাক্তের বিষয়টি নিশ্চিত করে।
নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ দ্রুত দেশে পাঠাতে তার পরিবারের সম্মতি গ্রহণ করেছে মায়ামি কনস্যুলেট। মরদেহটি নির্দিষ্ট ফিউনারেল হোমে হস্তান্তরের জন্য পিনেলাস কাউন্টির মেডিক্যাল এক্সামিনারের কাছে অনুরোধ জানানো হয়েছে। কনসাল জেনারেল সেহেলী সাবরীন জানান, বৃষ্টির মরদেহ দ্রুততম সময়ের মধ্যে স্বজনদের কাছে পৌঁছে দিতে বাংলাদেশ দূতাবাস ও কনস্যুলেট জেনারেল যৌথভাবে কাজ করছে। লিমনের মরদেহ পৌঁছানোর পরপরই বৃষ্টির মরদেহ পাঠানোর দিনক্ষণ চূড়ান্ত হতে পারে।
উল্লেখ্য, গেল ১৬ এপ্রিল সাউথ ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ের দুই বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টি নিখোঁজ হন। এর আটদিন পর ২৪ এপ্রিল জামিলের মরদেহ উদ্ধার করে পুলিশ। কয়েকদিনের ফরেনসিক পরীক্ষা-নিরীক্ষার পর ৩০ এপ্রিল শনাক্ত হয় বৃষ্টির মরদেহ।
দুই শিক্ষার্থী খুনের ঘটনায় অভিযুক্ত জামিলের রুমমেট হিশাম আবুঘেরহেকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত রোববার (২৬ এপ্রিল) হিলসবরো কাউন্টি আদালতে দাখিল করা নথিতে বলা হয়, বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী লিমনকে ধারালো অস্ত্রের একাধিক আঘাতে হত্যা করা হয়েছে। এ ঘটনায় হিশাম আবুঘরবেহ’র বিরুদ্ধে দুটি প্রথম-ডিগ্রি পরিকল্পিত হত্যার অভিযোগ আনা হয়েছে।
লিমন ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডায় ভূগোল, পরিবেশ বিজ্ঞান ও নীতি বিষয়ে পিএইচডি করছিলেন। আর বৃষ্টি কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে পড়াশোনা করছিলেন।
আরটিভি/এআর