images

প্রবাস

দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে সংস্কৃতি একটি অন্যতম মাধ্যম: রাষ্ট্রদূত রইস

রোববার, ১৪ জুন ২০২৬ , ০৮:৩০ এএম

বাংলাদেশের সমৃদ্ধ শিল্প, সংস্কৃতি ও ঐতিহ্যকে আন্তর্জাতিক পরিমণ্ডলে তুলে ধরার লক্ষ্যে বাহরাইনে শুরু হয়েছে ১১ দিনব্যাপী চিত্রপ্রদর্শনী “From the Core to the Periphery: A Kaleidoscopic Journey”।

বাংলাদেশ দূতাবাস এবং বাহরাইন অথরিটি ফর কালচার অ্যান্ড অ্যান্টিকুইটিজ (বিএসিএ)-এর যৌথ উদ্যোগে আয়োজিত এই প্রদর্শনীর উদ্বোধন অনুষ্ঠিত হয় ৭ জুন।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাহরাইন অথরিটি ফর কালচার অ্যান্ড অ্যান্টিকুইটিজের ডাইরেক্টর জেনারেল অব কালচার অ্যান্ড মিউজিয়াম ফারাহ মোহাম্মদ মাত্রার, বাহরাইনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এশিয়া-প্যাসিফিক বিভাগের ভারপ্রাপ্ত প্রধান মোহাম্মদ রাশেদ আল সোয়েদী, বিভিন্ন দেশের কূটনীতিক, বাহরাইন সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিশিষ্ট ব্যবসায়ী, শিল্পী, সাংবাদিক, দূতাবাসের কর্মকর্তাসহ প্রবাসী বাংলাদেশিরা।

অনুষ্ঠান শেষে বাহরাইনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. রইস হাসান সরোয়ার, এনডিসি অতিথিদের নিয়ে প্রদর্শনী ঘুরে দেখেন। প্রদর্শনীতে বাংলাদেশের চার স্বনামধন্য শিল্পী— ড. জামাল উদ্দিন আহমেদ, ড. মোহাম্মদ ইকবাল আলী, কনকচাঁপা এবং শাহনাজ কুহুর ৪০টি নির্বাচিত শিল্পকর্ম স্থান পেয়েছে।

চিত্রকর্মগুলোতে বাংলাদেশের মানুষের জীবন-জীবিকা, প্রকৃতি, ঐতিহ্য, দর্শনীয় স্থান ও বিভিন্ন উৎসবের নান্দনিক উপস্থাপনা দর্শনার্থীদের মুগ্ধ করে। শিল্পীদের সৃজনশীলতা ও শিল্পবোধের প্রশংসা করেন উপস্থিত অতিথিরা।

রাষ্ট্রদূত রইস হাসান সরোয়ার বলেন, বাংলাদেশের চারজন খ্যাতিমান শিল্পীর যৌথ চিত্রপ্রদর্শনী আয়োজন করতে পেরে আমরা আনন্দিত। শিল্প ও সংস্কৃতি মানুষের মধ্যে সেতুবন্ধন তৈরি করে। দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে সংস্কৃতি একটি অন্যতম মাধ্যম। এ ধরনের আয়োজন বাংলাদেশ ও বাহরাইনের জনগণের মধ্যে পারস্পরিক বোঝাপড়া ও সাংস্কৃতিক বিনিময় বৃদ্ধি করবে, যা দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও সুদৃঢ় করবে।

আরও পড়ুন
south-africa

দক্ষিণ আফ্রিকায় বসবাসরত বাংলাদেশিদের জন্য সতর্কবার্তা

তিনি আরও আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও দুই দেশের মধ্যে শিল্প ও সাংস্কৃতিক সহযোগিতার পরিধি আরও সম্প্রসারিত হবে।

উল্লেখ্য, প্রদর্শনীটি আগামী ১৭ জুন পর্যন্ত প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে।

আরটিভি/এসএস