শনিবার, ২০ জুন ২০২৬ , ১০:০৬ এএম
মুসলিম উম্মাহর ঐক্য, মানবসেবা ও তাসাউফের আদর্শে জীবন গড়ার আহ্বান জানিয়েছেন ছারছীনা দরবার শরীফের পীর আলহাজ্ব হযরত মাওলানা মুফতি শাহ্ আবু নছর নেছারুদ্দীন আহমদ হুসাইন (হাফি.)।
বৃহস্পতিবার (১৮ জুন) মিশরের রাজধানী কায়রোর নাসর সিটিতে অবস্থিত বুরজ আত-তাতবিকিয়্যিনের গ্র্যান্ড কনফারেন্স হলে আয়োজিত এক আধ্যাত্মিক সংবর্ধনা, ফিলিস্তিনি শরণার্থীদের মাঝে ত্রাণ বিতরণ ও দোয়া মাহফিলে তিনি এ আহ্বান জানান।
আল-আজহার বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের সংগঠন ‘ছারছীনা দারুসসুন্নাত সোসাইটি’ এ অনুষ্ঠানের আয়োজন করে। ছারছীনা দরবার শরীফের পীর সাহেবের মিশর সফর উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে আল-আজহার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, বিভিন্ন দেশের ছাত্র প্রতিনিধি, ধর্মীয় ব্যক্তিত্ব ও বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।
বক্তব্যে পীর সাহেব হুজুর শিক্ষার্থীদের আখিরাতমুখী জীবন গঠন, বিশুদ্ধ আকিদা, উত্তম চরিত্র, তাকওয়া অর্জন এবং সুন্নতে নববীর আদর্শ অনুসরণ করে মানবতার কল্যাণে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠানে ছারছীনা শরীফের মরহুম পীর, মুজাদ্দিদে জামান আলহাজ্ব শাহ সূফি মোহাম্মাদ মোহেব্বুল্লাহ (রহ.)-এর জীবন, দ্বীনি খেদমত ও আধ্যাত্মিক অবদান নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি তাঁর রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন মিশরের ধর্ম মন্ত্রণালয়ের ইমাম ও খতিব ক্বারী ফাদিলাতুশ শাইখ মোহাম্মাদ সাইদ। পরে বিভিন্ন অতিথি ছারছীনা দরবার শরীফের দ্বীনি শিক্ষা, তাসাউফ চর্চা ও মানবকল্যাণমূলক কর্মকাণ্ডের বিভিন্ন দিক তুলে ধরেন।
বক্তারা বলেন, ছারছীনা দরবার শরীফ দীর্ঘদিন ধরে দ্বীনি শিক্ষা, আধ্যাত্মিক চর্চা ও মানবসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। তাসাউফ ও ইসলামের খেদমতে এ প্রতিষ্ঠানের অবদান মুসলিম উম্মাহর জন্য অনুকরণীয়।
অনুষ্ঠানে ছারছীনা দরবার শরীফের ত্রাণ কার্যক্রম পরিচালনাকারী সংস্থা ‘হেমায়েতে ইসলাম বাংলাদেশ’-এর উদ্যোগে মিশরে অবস্থানরত ফিলিস্তিনি উদ্বাস্তুদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।
এ সময় বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে পীর সাহেব হুজুরকে সম্মাননা স্মারক, ক্রেস্ট ও ফুলেল শুভেচ্ছা দেওয়া হয়। মিশরের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের সংগঠনসহ আন্তর্জাতিক বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা এতে উপস্থিত ছিলেন।
সমাপনী বক্তব্যে পীর সাহেব হুজুর মুসলিম উম্মাহর শান্তি, ঐক্য, ভ্রাতৃত্ব ও সম্প্রীতির গুরুত্ব তুলে ধরেন। পরে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ দোয়া-মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।
আরটিভি/জেএমএ