শনিবার, ১১ জুলাই ২০২৬ , ০৪:১৪ পিএম
যুক্তরাষ্ট্রের লস এঞ্জেলেসে কর্মস্থলে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় মির্জা ফাহিম আহমেদ (২৭) নামের এক বাংলাদেশির মৃত্যু হয়েছে।
বুধবার (৮ জুলাই) সকাল ৭টা ৫৩ মিনিটে ভ্যালি এলাকার ল্যাসেন স্ট্রিট ও রেসিডা বুলেভার্ড ইন্টারসেকশনে এ দুর্ঘটনা ঘটে।
সিসিটিভির ভিডিও দেখে লস এঞ্জেলেস পুলিশ জানিয়েছে, দুটি গাড়ির ধাক্কায় ফাহিমের গাড়ি সড়ক থেকে ছিটকে লাইট পোলে আঘাত করে, এতে গাড়ির সামনের অংশ ভেঙে চুরমার হয়। ভেতরে আটকে থাকা ফাহিমকে উদ্ধারে পুলিশ ও দমকল বাহিনীকে বেশ বেগ পেতে হয়। দুর্ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
অপর দুই গাড়ির চালকও আহত হয়েছেন। তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মাত্র ২৭ বছর বয়সি ফাহিম প্রায় দেড় বছর আগে মা, বাবা ও ভাইয়ের সঙ্গে যুক্তরাষ্ট্রে এসেছিলেন। তাদের স্থায়ী বাড়ি ঢাকার জিগাতলা এলাকায়। ফাহিম জীবনের নতুন অধ্যায় শুরু করতে গত কোরবানির ঈদের সময় দেশে গিয়ে বিয়ে করেন। লস এঞ্জেলেসে ফিরে নববধূকে নিজের কাছে আনার স্বপ্ন দেখছিলেন তিনি।
এই উদ্দেশ্যে স্ত্রীকে যুক্তরাষ্ট্রে নিয়ে আসার জন্য দেশটির অভিবাসন দপ্তরে আবেদনও জমা দিয়েছিলেন। কিন্তু সেই স্বপ্নপূরণের আগে এক আকস্মিক সড়ক দুর্ঘটনায় তার মৃত্য হলো।
ফাহিমের ছোটভাই মির্জা তামিম গণমাধ্যমকে জানান, ফাহিমের লাশ শনিবার পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এর পরই জানাজা ও দাফনের কর্মসূচি জানানো হবে।
মির্জা তামিম বলেন, দুর্ঘটনার জন্য দায়ীদের বিচারে তারা আইনজীবী নিয়োগ করেছেন। পাশাপাশি পুলিশও তদন্ত শুরু করেছে।
আরটিভি/টিআর