বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬ , ১০:৩৮ এএম
সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে একজন মুমিনের দিন শুরু হয় নতুন ইবাদতের সফর দিয়ে। দিনের ব্যস্ততা শুরুর আগে কিছু সময় আল্লাহর স্মরণে কাটানো শুধু সুন্নাহই নয়, বরং এটি সারাদিন শয়তানের কুমন্ত্রণা থেকে বাঁচার শক্তিশালী ঢাল। আত্মিক শান্তি, মানসিক প্রশান্তি এবং জীবনে বরকত অর্জনের অন্যতম মাধ্যম হলো সকালের জিকির ও দোয়া।
ইসলামি বর্ণনায় এসেছে, সকাল ও সন্ধ্যার নির্দিষ্ট কিছু আমল রয়েছে, যা নিয়মিত করলে আল্লাহ তাআলা বান্দাকে সারাদিন নিরাপদ রাখেন এবং জীবনে কল্যাণ দান করেন।
শ্রেষ্ঠ ইস্তিগফার
নবী করিম (সা.) বলেছেন, সকালে বা সন্ধ্যায় সাইয়্যেদুল ইস্তিগফার দোয়া পাঠ করলে জান্নাতের সুসংবাদ পাওয়া যায়—
اللَّهُمَّ أَنْتَ رَبِّي لَا إِلَهَ إِلاَّ أَنْتَ، خَلَقْتَنِي وَأَنَا عَبْدُكَ، وَأَنَا عَلَى عَهْدِكَ وَوَعْدِكَ مَا اسْتَطَعْتُ، أَعُوذُ بِكَ مِنْ شَرِّ مَا صَنَعْتُ، أَبُوءُ لَكَ بِنِعْمَتِكَ عَلَيَّ، وَأَبُوءُ بِذَنْبِي فَاغْفِرْ لِي فَإِنَّهُ لاَ يَغْفِرُ الذُّنوبَ إِلاَّ أَنْتَ
উচ্চারণ: আল্লা-হুম্মা আনতা রাব্বি লা ইলা-হা ইল্লা আনতা খলাক্বতানি ওয়া আনা ‘আব্দুকা, ওয়া আনা ‘আলা ‘আহদিকা ওয়া ওয়া‘দিকা মাস্তাত্বা‘তু। আ‘উযু বিকা মিন শাররি মা সানা‘তু, আবূউ লাকা বিনি‘মাতিকা ‘আলাইয়্যা, ওয়া আবূউ বিযাম্বী। ফাগফির লি, ফাইন্নাহূ লা ইয়াগফিরুয যুনূবা ইল্লা আনতা।
অর্থ: হে আল্লাহ! আপনি আমার রব্ব, আপনি ছাড়া সত্য কোন উপাস্য নেই। আপনি আমাকে সৃষ্টি করেছেন এবং আমি আপনার বান্দা। আমি আমার সাধ্য মতো আপনার (তাওহীদের) অঙ্গীকার ও (জান্নাতের) প্রতিশ্রুতির ওপর রয়েছি। আমি আমার কৃতকর্মের অনিষ্ট থেকে আপনার আশ্রয় চাই। আপনি আমাকে যে নেয়ামত দিয়েছেন আমি তা স্বীকার করছি এবং আমার অপরাধও স্বীকার করছি। অতএব, আপনি আমাকে মাফ করে দিন। নিশ্চয় আপনি ছাড়া পাপরাশি ক্ষমা করার কেউ নেই।
আল্লাহর পবিত্রতা ঘোষণা
রাসুল (সা.) বলেছেন, সকালে ও সন্ধ্যায় ১০০ বার পড়লে অসাধারণ সওয়াব পাওয়া যায়—
سُبْحَانَ اللهِ وَبِحَمْدِهِ
উচ্চারণ: সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি
অর্থ: আমি আল্লাহর প্রশংসাসহ পবিত্রতা ও মহিমা ঘোষণা করছি।
সর্বশ্রেষ্ঠ তাওহিদের জিকির
দিনে ১০০ বার পাঠের বিশেষ ফজিলত সম্পর্কে বুখারি হাদিসের ৬০৪০ আয়াতে এসেছে—
لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ وَحْدَهُ لاَ شَرِيكَ لَهُ، لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ، وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ
উচ্চারণ: লা ইলা-হা ইল্লাল্লা-হু ওয়াহ্দাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু, ওয়া লাহুল হামদু, ওয়া হুয়া ‘আলা কুল্লি শাই’ইন ক্বাদীর।
অর্থ: এক আল্লাহ ছাড়া সত্য কোন উপাস্য নেই। তার কোন শরিক নেই। রাজত্ব তারই। সমস্ত প্রশংসাও তার। তিনি সকল কিছুর ওপর ক্ষমতাবান।
নবীজি (সা.) এর সকাল-সন্ধ্যার নিরাপত্তার দোয়া
রাসুল (সা.) নিয়মিত সকালে পড়তেন—
اللَّهُمَّ بِكَ أَصْبَحْنَا، وَبِكَ أَمْسَيْنَا، وَبِكَ نَحْيَا، وَبِكَ نَمُوتُ وَإِلَيْكَ النُّشُورُ.
উচ্চারণ: আল্লা-হুম্মা বিকা আসবাহ্না ওয়াবিকা আমসাইনা ওয়াবিকা নাহ্ইয়া, ওয়াবিকা নামূতু ওয়া ইলাইকান নুশূর।
অর্থ: হে আল্লাহ! আপনার অনুগ্রহে আমরা সকালে উপনীত হয়েছি। আপনার অনুগ্রহে আমরা বিকালে উপনীত হয়েছি। আপনার দ্বারা আমরা বেঁচে থাকি। আপনার দ্বারা আমরা মৃত্যুবরণ করি। আপনার কাছেই আমাদের প্রত্যাবর্তন।
রাসুল (সা.) নিয়মিত সন্ধ্যায় পড়তেন—
اللَّهُمَّ بِكَ أَمْسَيْنَا ، وَبِكَ أَصْبَحْنَا ، وَبِكَ نَحْيَا ، وَبِكَ نَمُوتُ ، وَإِلَيْكَ الْمَصِيرُ
উচ্চারণ: আল্লা-হুম্মা বিকা আমসাইনা, ওয়া বিকা আসবাহ্না, ওয়া বিকা নাহ্ইয়া, ওয়া বিকা নামূতু ওয়া ইলাইকাল মাছির।
অর্থ: হে আল্লাহ! আপনার অনুগ্রহে আমরা সন্ধ্যায় উপনীত হয়েছি। আপনার অনুগ্রহে আমরা সকালে উপনীত হয়েছি। আপনার দ্বারা আমরা বেঁচে থাকি। আপনার দ্বারা আমরা মৃত্যুবরণ করি। আপনার কাছেই আমাদের প্রত্যাবর্তন। (আবু দাউদ, হাদিস : ৫০৬৮; তিরমিজি, হাদিস : ৩৩৯১; নাসায়ি, হাদিস : ১০৩২৩)
চারদিকের সুরক্ষা ও বিপদ থেকে রক্ষার আমল
সকাল-সন্ধ্যা ৩ বার পড়ার দোয়া, আরেকটি গুরুত্বপূর্ণ জিকির—
بِسْمِ اللَّهِ الَّذِي لاَ يَضُرُّ مَعَ اسْمِهِ شَيْءٌ فِي الْأَرْضِ وَلاَ فِي السّمَاءِ وَهُوَ السَّمِيعُ الْعَلِيمُ
উচ্চারণ: বিস্মিল্লা-হিল্লাজি লা ইয়াদ্বুররু মা‘আ ইস্মিহী শাইউন ফিল্ আরদ্বি ওয়ালা ফিস্ সামা-ই, ওয়াহুয়াস্ সামি‘উল ‘আলীম।
অর্থ: আল্লাহর নামে (সকল অনিষ্ট থেকে সাহায্য চাই), যার নাম (স্মরণের) সাথে আসমান ও যমীনে কোনো কিছুই ক্ষতি করতে পারে না। আর তিনি সর্বশ্রোতা, মহাজ্ঞানী। (সুনানে আবু দাউদ, হাদিস : ৫০৮৮)
সারাদিনের যথেষ্ট হওয়ার দোয়া
সকাল ও সন্ধ্যায় ৭ বার পড়ার দোয়া—
حَسْبِيَ اللَّهُ لَا إِلَهَ إِلَّا هُوَ...
উচ্চারণ: হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আলাইহি তাওয়াক্কালতু…
অর্থ: আল্লাহই আমার জন্য যথেষ্ট। তিনি ছাড়া সত্য কোন উপাস্য নেই। তার উপরই আমি তাওয়াক্কুল করি। তিনি মহান আরশের অধিপতি) আল্লাহ্ তার দুশ্চিন্তা দূর করে দিবেন।’ (আবু দাউদ, হাদিস : ৫০৮১)
বিশেষজ্ঞদের মতে, সকালের এই আমলগুলো একজন মুমিনের দিনকে শুধু নিরাপদই করে না, বরং মনকে প্রশান্ত, জীবনকে বরকতময় এবং বিপদ থেকে সুরক্ষিত রাখে। তাই প্রতিদিন সূর্যোদয়ের পর কিছু সময় আল্লাহর স্মরণে কাটানো হতে পারে জীবনের সবচেয়ে বড় অর্জন।
আরটিভি/জেএমএ