বৃহস্পতিবার, ২১ মে ২০২৬ , ০৯:৫৫ এএম
কোরবানি ও আকিকা দুটি আলাদা ইসলামি বিধান। কোরবানি ওয়াজিব ইবাদত, আর আকিকা মুস্তাহাব। তাই কোরবানির পরিবর্তে আকিকা আদায় করা শরিয়তসম্মত নয়।
শরিয়ত অনুযায়ী, সামর্থ্যবান মুসলমানের ওপর ১০, ১১ ও ১২ জিলহজের মধ্যে কোরবানি করা ওয়াজিব। এই নির্ধারিত তিন দিনের মধ্যে কোরবানি আদায় না করলে তা গুনাহ হিসেবে গণ্য হয়। তবে আকিকা এমন নয়, এটি সন্তানের জন্মের সপ্তম দিনে করা উত্তম হলেও পরে যেকোনো সময় আদায় করা যায় এবং না করলেও গুনাহ হয় না।
ইসলামি ফিকহের ব্যাখ্যায় বলা হয়েছে, ঋণ থাকলেও যদি তা বাদ দিয়ে ব্যক্তির কাছে নিসাব পরিমাণ সম্পদ থাকে, তবে তার ওপর কোরবানি ওয়াজিব হবে।
নিসাব হলো, প্রয়োজনের অতিরিক্ত সাড়ে বায়ান্ন তোলা রুপার সমমূল্যের সম্পদ। ১০ থেকে ১২ জিলহজের মধ্যে এ পরিমাণ সম্পদের মালিক হলেই কোরবানি আদায় করা আবশ্যক।
তবে কোরবানির পশুতে আকিকার অংশ রাখা জায়েজ। অর্থাৎ গরু, মহিষ বা উটে শরিক হয়ে কেউ কোরবানি ও আকিকা একসঙ্গে করতে পারেন। এ ক্ষেত্রে ছেলের জন্য দুই অংশ এবং মেয়ের জন্য এক অংশ নির্ধারণ করা হয়।
অর্থাৎ, কোরবানি বাদ দিয়ে আকিকা আদায় করা যাবে না, তবে একই পশুতে শরিক হয়ে উভয় ইবাদত আদায় করা শরিয়তসম্মতভাবে বৈধ।
আরটিভি/জেএমএ