images

ধর্ম

ইসলামে ধোঁকা, প্রতারণা ও বিশ্বাসঘাতকতার কোনো স্থান নেই 

শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ , ১০:৩০ এএম

ইসলামে ধোঁকা, প্রতারণা ও বিশ্বাসঘাতকতার কোনো স্থান নেই। পবিত্র কোরআন ও হাদিসে এসব কাজকে কঠোরভাবে নিষিদ্ধ করা হয়েছে। আল্লাহ তাআলা প্রতারণাকারীদের জন্য কঠিন পরিণতির সতর্কবার্তা দিয়েছেন এবং মুমিনদের সততা ও বিশ্বস্ততার সঙ্গে জীবন পরিচালনার নির্দেশ দিয়েছেন।

পবিত্র কোরআনে আল্লাহ তাআলা মুনাফিকদের সম্পর্কে বলেন—

﴿وَمِنَ النَّاسِ مَن يَقُولُ آمَنَّا بِاللَّهِ وَبِالْيَوْمِ الْآخِرِ وَمَا هُم بِمُؤْمِنِينَ ۝ يُخَادِعُونَ اللَّهَ وَالَّذِينَ آمَنُوا وَمَا يَخْدَعُونَ إِلَّا أَنفُسَهُمْ وَمَا يَشْعُرُونَ﴾

অর্থ: "মানুষের মধ্যে এমনও কেউ আছে, যারা বলে, 'আমরা আল্লাহ ও শেষ দিবসের প্রতি ঈমান এনেছি।' অথচ তারা মুমিন নয়। তারা আল্লাহ ও মুমিনদের ধোঁকা দিতে চায়। কিন্তু প্রকৃতপক্ষে তারা নিজেদেরই ধোঁকা দেয়, অথচ তা তারা উপলব্ধি করে না।"
(সুরা আল-বাকারা, আয়াত: ৮-৯)

অন্য এক আয়াতে আল্লাহ তাআলা বলেন—

﴿وَإِن يُرِيدُوا أَن يَخْدَعُوكَ فَإِنَّ حَسْبَكَ اللَّهُ﴾

অর্থ: "তারা যদি আপনাকে ধোঁকা দিতে চায়, তবে আপনার জন্য আল্লাহই যথেষ্ট।"
(সুরা আল-আনফাল, আয়াত: ৬২)

আরও পড়ুন
Web-Image

সূরা বাকারার শেষ দুই আয়াতের বিশেষ ফজিলত 

আলেমরা বলেন, যারা আল্লাহ, তাঁর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এবং মুমিনদের ধোঁকা দিতে চায়, তারা শেষ পর্যন্ত নিজেরাই ক্ষতিগ্রস্ত হয়। দুনিয়ায় সাময়িক লাভ হলেও আখিরাতে তাদের জন্য কঠিন শাস্তি অপেক্ষা করছে।

রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম প্রতারণার ব্যাপারে কঠোর সতর্কবার্তা দিয়েছেন। হযরত আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন,

«الْمَكْرُ وَالْخَدِيعَةُ فِي النَّارِ»

অর্থ: "ধোঁকা ও প্রতারণার পরিণতি জাহান্নাম।"
(সুনান আল-বায়হাকি, শুআবুল ঈমান)

আরেকটি সহিহ হাদিসে রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেন,

«لَا يُلْدَغُ الْمُؤْمِنُ مِنْ جُحْرٍ وَاحِدٍ مَرَّتَيْنِ»

অর্থ: "একজন মুমিন একই গর্ত থেকে দুইবার দংশিত হয় না।"
(সহিহ বুখারি, হাদিস: ৬১৩৩; সহিহ মুসলিম, হাদিস: ২৯৯৮)

এ হাদিস থেকে শিক্ষা পাওয়া যায়, একজন মুমিন নিজেও কাউকে ধোঁকা দেয় না এবং অন্যের প্রতারণার ব্যাপারেও সচেতন থাকে।

ইসলামের শিক্ষা হলো, কথা ও কাজে সততা বজায় রাখা এবং মানুষের হক নষ্ট না করা। মুখে এক কথা আর অন্তরে আরেক কথা রাখা মুনাফিকের বৈশিষ্ট্য। তাই প্রতারণা, ভেজাল, মিথ্যা ও বিশ্বাসঘাতকতা থেকে দূরে থাকা প্রত্যেক মুসলমানের দায়িত্ব।

সমাজে শান্তি, আস্থা ও ন্যায় প্রতিষ্ঠা করতে হলে ধোঁকা ও প্রতারণা পরিহার করার বিকল্প নেই। একজন প্রকৃত মুমিনের অঙ্গীকার হওয়া উচিত—তিনি কাউকে ধোঁকা দেবেন না, অন্যায়ভাবে কারও অধিকার নষ্ট করবেন না এবং সর্বক্ষেত্রে সততা ও আমানতদারিতা বজায় রাখবেন।


আরটিভি/জেএমএ