মঙ্গলবার, ০৬ জানুয়ারি ২০২৬ , ০৮:১৯ পিএম
সৌরজগতের বৃহত্তম গ্রহ বৃহস্পতি চলতি সপ্তাহেই পৃথিবীর সবচেয়ে কাছাকাছি অবস্থানে আসছে, যা জ্যোতির্বিদ ও আকাশপ্রেমীদের জন্য এক বিরল মহাজাগতিক দৃশ্য উপভোগের সুযোগ করে দিচ্ছে।
দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদন অনুযায়ী, এই সময়ে রাতের আকাশে বৃহস্পতি অত্যন্ত উজ্জ্বলভাবে দৃশ্যমান হবে। জেমিনি নক্ষত্রমণ্ডলের দুই উজ্জ্বল তারা ‘ক্যাস্টর’ ও ‘পোলাক্স’-এর সঙ্গে মিলে বৃহস্পতি আকাশে একটি অসম ত্রিভুজ তৈরি করবে।
পৃথিবীর চেয়ে ১১ গুণ বড় ব্যাসের এই গ্রহটির মেঘাচ্ছন্ন পৃষ্ঠে প্রচুর পরিমাণে সূর্যের আলো প্রতিফলিত হওয়ায় এটি শুক্র গ্রহের চেয়েও অনেক দূরে থাকা সত্ত্বেও অবিশ্বাস্য উজ্জ্বল দেখাবে। এই বিশেষ মুহূর্তে পৃথিবী থেকে বৃহস্পতির দূরত্ব হবে প্রায় ৬৩৩ মিলিয়ন কিলোমিটার।
সূর্য থেকে আলো বৃহস্পতিতে পৌঁছাতে ৪৩ মিনিট সময় নিলেও, বৃহস্পতি থেকে প্রতিফলিত সেই আলো মাত্র ৩৫ মিনিটে পৃথিবীতে এসে পৌঁছাবে।
আগামী ৯ জানুয়ারি রাতে উত্তর ও দক্ষিণ উভয় গোলার্ধের মানুষ পূর্ব আকাশে খালি চোখেই সহজে বৃহস্পতিকে দেখতে পাবেন। তবে এর সৌন্দর্য আরও স্পষ্টভাবে উপভোগ করতে বাইনোকুলারের সাহায্য নেওয়া যেতে পারে, যার মাধ্যমে গ্রহটির চারটি বৃহত্তম উপগ্রহ দেখাও সম্ভব হবে।
এছাড়া ১০ গুণ বা তার বেশি ক্ষমতার টেলিস্কোপ ব্যবহার করলে বৃহস্পতির মেঘের বিচিত্র আচ্ছাদনও দেখা যাবে বলে জানানো হয়েছে। মহাকাশ পর্যবেক্ষকদের জন্য বছরের অন্যতম সেরা এই দৃশ্যটি মিস না করতে উৎসাহ প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা।
আরটিভি/এএইচ