বুধবার, ১১ মার্চ ২০২৬ , ০৭:৫৮ পিএম
লিওনার্দো দা ভিঞ্চির বিখ্যাত চিত্র ভিট্রুভিয়ান ম্যান ঘিরে প্রায় পাঁচ শতাব্দীর পুরোনো এক রহস্যের সম্ভাব্য সমাধান পাওয়া গেছে বলে দাবি করেছেন এক গবেষক। মানবদেহের আদর্শ অনুপাত তুলে ধরা এই অঙ্কনটির পেছনে লুকিয়ে থাকা জ্যামিতিক সূত্র নিয়েই নতুন করে আলোচনার জন্ম দিয়েছে সাম্প্রতিক একটি গবেষণা।
১৪৯০ সালে আঁকা এই চিত্রে দা ভিঞ্চি মানুষের শরীরকে একই সঙ্গে একটি বৃত্ত ও একটি বর্গক্ষেত্রের ভেতরে বসিয়ে আদর্শ মানবদেহের অনুপাত ব্যাখ্যা করার চেষ্টা করেছিলেন। বিশ্বের সবচেয়ে পরিচিত শিল্পকর্মগুলোর একটি হলেও এতদিন পর্যন্ত ঠিক কোন গাণিতিক নিয়ম মেনে তিনি হাত-পা ও শরীরের অনুপাত নির্ধারণ করেছিলেন, তা স্পষ্টভাবে বোঝা যায়নি।
সম্প্রতি প্রকাশিত এক গবেষণায় লন্ডনের দন্তচিকিৎসক রোরি ম্যাক সুইনি দাবি করেছেন, ছবিটির মাঝখানে লুকিয়ে থাকা একটি সমবাহু ত্রিভুজই এই রহস্যের ব্যাখ্যা দিতে পারে। তার মতে, ভিট্রুভিয়ান ম্যানের দুই পায়ের মাঝামাঝি অংশে এমন একটি জ্যামিতিক কাঠামোর ইঙ্গিত রয়েছে, যা ছবিটির সামগ্রিক অনুপাত বোঝার চাবিকাঠি হতে পারে।
চিত্রটি আংশিকভাবে অনুপ্রাণিত হয়েছিল প্রাচীন রোমান স্থপতি ভিট্রুভিয়াসের লেখনী থেকে। তিনি মনে করতেন, আদর্শ মানবদেহ এমনভাবে গঠিত যে তা একটি বৃত্ত এবং একটি বর্গক্ষেত্রের ভেতরে নিখুঁতভাবে স্থাপন করা যায়।
দা ভিঞ্চির অঙ্কনে দেখা যায়, হাত দুটো প্রসারিত ও পা কাছাকাছি রেখে দাঁড়ানো অবস্থায় শরীরটি একটি বর্গক্ষেত্রের মধ্যে মিলে যায়। আবার হাত ওপরে তোলা ও পা ফাঁক করা অবস্থায় একই শরীর একটি বৃত্তের ভেতরে অবস্থান করে।
অনেক দিন ধরে ধারণা করা হয়েছিল, এই অনুপাত নির্ধারণে দা ভিঞ্চি ‘গোল্ডেন রেশিও’ ব্যবহার করেছিলেন। তবে পরিমাপের ক্ষেত্রে সেই ধারণা পুরোপুরি মেলে না।
ম্যাক সুইনির বিশ্লেষণে দেখা গেছে, দা ভিঞ্চির নোটে উল্লেখিত একটি সমবাহু ত্রিভুজের ধারণা এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তার হিসাব অনুযায়ী, মানুষের নাভির উচ্চতা ও পায়ের বিস্তারের অনুপাত প্রায় ১ দশমিক ৬৪ থেকে ১ দশমিক ৬৫, যা ১ দশমিক ৬৩৩ অনুপাতের খুব কাছাকাছি। এই অনুপাতকে টেট্রাহেড্রাল রেশিও বলা হয়, যা অত্যন্ত ভারসাম্যপূর্ণ জ্যামিতিক গঠনের উদাহরণ হিসেবে পরিচিত।
এই অনুপাত প্রকৃতিতে বিভিন্ন কাঠামো, যেমন স্ফটিক বা জৈব গঠনের ক্ষেত্রেও দেখা যায়। এমনকি মানবদেহের চোয়ালের কার্যকর অবস্থান নির্ধারণে ব্যবহৃত ‘বনউইল ত্রিভুজ’ নামে একটি দন্তচিকিৎসা নীতিতেও একই ধরনের অনুপাত পাওয়া যায়।
গবেষকের ধারণা, মানুষের শরীরও প্রকৃতির অন্যান্য জ্যামিতিক গঠনের মতো নির্দিষ্ট গাণিতিক নীতির ভিত্তিতে সংগঠিত হতে পারে। সে ক্ষেত্রে দা ভিঞ্চি ভিট্রুভিয়ান ম্যান আঁকার সময় সেই মৌলিক জ্যামিতিক নীতির আভাস পেয়েছিলেন।
গবেষণাটি জার্নাল অব ম্যাথেমেটিক্স অ্যান্ড দ্য আর্টস-এ প্রকাশিত হয়েছে। তবে এই ব্যাখ্যা নিয়ে বৈজ্ঞানিক মহলে আরও আলোচনা ও যাচাই-বাছাই প্রয়োজন বলে মনে করছেন বিশেষজ্ঞরা। সূত্র: ইয়াহু
আরটিভি/এমএইচজে