বুধবার, ০৫ আগস্ট ২০২৬ , ০৮:২৭ পিএম
মহাকাশে গত বছর থেকে নিয়ন্ত্রণহীনভাবে ভেসে বেড়ানো মার্কিন প্রতিষ্ঠান স্পেসএক্সের একটি ফ্যালকন-৯ রকেটের দ্বিতীয় ধাপ চাঁদের বুকে আছড়ে পড়েছে।
বুধবার (৫ আগস্ট) উচ্চগতিতে এই ধাতব অংশটি চাঁদের দূরবর্তী অংশে আছড়ে পড়ে বলে পর্যবেক্ষণকারী বিজ্ঞানীরা ধারণা করছেন।
বিশেষজ্ঞদের মতে, এ ঘটনায় পৃথিবীর জন্য কোনো ধরনের নিরাপত্তা ঝুঁকি নেই। তবে প্রচণ্ড গতিতে আঘাতের ফলে চাঁদের পৃষ্ঠে একটি নতুন গর্ত বা ‘ক্রেটার’ তৈরি হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে।
বিজ্ঞানীদের অনুমান অনুযায়ী, বুধবার বাংলাদেশ সময় সকাল ১০টা ৩৫ মিনিটের দিকে রকেটের অংশটি ঘণ্টায় প্রায় ৮ হাজার ৬৯০ কিলোমিটার বেগে চাঁদের আইনস্টাইন ক্রেটারে আঘাত হানে। প্রায় চার মেট্রিক টন ওজনের এই ধাতব টুকরোটির প্রভাবে বিপুল পরিমাণ চন্দ্রধূলি চারদিকে ছড়িয়ে পড়ার কথা। স্পেসএক্স জানিয়েছে, দীর্ঘ দিন কক্ষপথে ভাসতে থাকা অংশটি চাঁদে আছড়ে পড়ার ঘটনাটি সম্পূর্ণ অনিচ্ছাকৃত।
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা থেকে গত বছরের জানুয়ারিতে উৎক্ষেপিত একটি চন্দ্র মিশনের অংশ ছিল এই ফ্যালকন-৯ রকেট। মিশন শেষে রকেটের বুস্টার অংশ পৃথিবীতে সফলভাবে ফিরে এলেও দ্বিতীয় ধাপটি অতিরিক্ত উচ্চতায় চলে যাওয়ায় মহাকাশেই থেকে যায়। একপর্যায়ে জ্বালানি শেষ হয়ে এটি নিয়ন্ত্রণ হারায় এবং পৃথিবীর মহাকর্ষ ও সূর্যের প্রভাবে চাঁদের কক্ষপথের দিকে ধাবিত হয়।
নাসার মুখপাত্র জিমি রাসেল জানান, মহাকাশ যানটির গতিপথ নাসা নিয়মিত তদারকি করছিল এবং আঘাতের স্থান চিহ্নিত করে বৈজ্ঞানিক তথ্য সংগ্রহের কাজ চালানো হবে। ইউরোপীয় মহাকাশ সংস্থার হিসাব অনুযায়ী, বর্তমানে পৃথিবীর কক্ষপথে ৪৬ হাজারের বেশি মহাকাশ ধ্বংসাবশেষ ঘুরছে। এ ঘটনাটি মহাকাশে পরিত্যক্ত রকেট ও অনিয়ন্ত্রিত আবর্জনা বা ‘স্পেস জাঙ্ক’ ব্যবস্থাপনায় আরও দায়িত্বশীল হওয়ার বিষয়টি নতুন করে সামনে নিয়ে এল।
আরটিভি/এআর