সোমবার, ২০ এপ্রিল ২০২৬ , ০৯:২৮ এএম
Failed to load the video
রাজধানীর বেসরকারি হাসপাতালগুলোতে সেবার আড়ালে ভয়াবহ বাণিজ্যের অভিযোগ উঠেছে। গুরুতর রোগীদের চিকিৎসায় অবহেলা, বিশেষজ্ঞ চিকিৎসকের অনুপস্থিতি এবং অনিয়মিত সেবার নানা চিত্র উঠে এসেছে এক অনুসন্ধানে।
অনুসন্ধানে দেখা যায়, লাইফ সাপোর্টে থাকা রোগীদের ক্ষেত্রেও অনেক সময় সঠিকভাবে বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধান নিশ্চিত করা হয় না। রোগ নির্ণয়ের রিপোর্ট তৈরি করছেন টেকনিশিয়ানরা, আর চিকিৎসকের পরামর্শ নেওয়া হচ্ছে ফোনকলের মাধ্যমে। এতে করে রোগীদের জীবন ঝুঁকির মধ্যে পড়ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
রাজধানীর বেসরকারি হাসপাতাল ঢাকা স্পেশালাইজড হাসপাতালের ১০ বেডের আইসিইউতে(ICU) এমন চিত্র পাওয়া গেছে। সেখানে দায়িত্বরত এক ইন্টার্ন চিকিৎসক জানান, ২৪ ঘণ্টা আইসিইউ মেডিক্যাল অফিসার থাকলেও বিশেষজ্ঞ চিকিৎসক সবসময় উপস্থিত থাকেন না। প্রয়োজনে ফোনকলে তাদের সঙ্গে যোগাযোগ করে চিকিৎসা দেওয়া হয়।
একই অবস্থা হাসপাতালের এনআইসিইউ (NICU) ও পিআইসিইউ (PICU) ইউনিটেও। অভিযোগ রয়েছে, বিশেষজ্ঞ চিকিৎসকরা নিয়মিত উপস্থিত থাকেন না, বিশেষ করে রাতের দিকে তাদের অনুপস্থিতি বেশি লক্ষ্য করা যায়। ফলে গুরুতর রোগীদের তাৎক্ষণিক জটিলতা মোকাবিলায় প্রয়োজনীয় সহায়তা পাওয়া যায় না।
এছাড়া, দুপুর পর্যন্ত অনেক ক্ষেত্রে কোনো প্যাথোলজিস্ট বা রেডিওলজিস্ট পাওয়া যায়নি বলেও অভিযোগ রয়েছে। বাহ্যিকভাবে আধুনিক সুযোগ-সুবিধার প্রচার থাকলেও বাস্তবে বিশেষজ্ঞ চিকিৎসকের ঘাটতি স্পষ্ট বলে মনে করছেন ভুক্তভোগীরা।
এ বিষয়ে হাসপাতালটির ব্যবস্থাপনা পরিচালক এস এম জাহাঙ্গীর হোসেন বলেন, আইসিইউর চিকিৎসকরা সরাসরি কোনো চার্জ নেন না, তবে ফোনকলে পরামর্শ দিলে ফি নেওয়া হয়। এনআইসিইউ ইউনিট মূলত মেডিক্যাল অফিসারদের মাধ্যমেই পরিচালিত হয় বলেও জানান তিনি।
অন্যদিকে, স্বাস্থ্য অধিদপ্তরের বেসরকারি হাসপাতাল ও ক্লিনিক শাখার পরিচালক ডা. আবু হোসাইন মো. মনিরুল আহসান বলেন, নিয়ম অনুযায়ী আইসিইউতে প্রশিক্ষণপ্রাপ্ত মেডিক্যাল অফিসার থাকা বাধ্যতামূলক। কনসালটেন্ট চিকিৎসকরা অনকল ভিত্তিতে সেবা দেন, তাদের সার্বক্ষণিক উপস্থিত থাকা বাধ্যতামূলক নয়।
তবে এ বিষয়ে ভিন্নমত পোষণ করেছেন সিভিল সার্জন ডা. জিল্লুর রহমান। তার মতে, গুরুতর রোগীদের ক্ষেত্রে সার্বক্ষণিক বিশেষজ্ঞ তত্ত্বাবধান জরুরি। অপারেশনের পর রোগী সংকটাপন্ন অবস্থায় থাকলে সেখানে শুধু মেডিক্যাল অফিসার দিয়ে দায়িত্ব পালন যথেষ্ট নয়।
সার্বিক পরিস্থিতি নিয়ে প্রশ্ন উঠেছে, আইসিইউতে থাকা রোগীদের জটিলতা কি নির্দিষ্ট সময় মেনে চলে? বিশেষজ্ঞ চিকিৎসকের সীমিত উপস্থিতি রোগীদের জন্য কতটা নিরাপদ, তা নিয়ে উদ্বেগ বাড়ছে। ফলে বেসরকারি হাসপাতালগুলোর সেবার মান ও তদারকি নিয়ে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।
আরটিভি/এমআই