বুধবার, ২২ এপ্রিল ২০২৬ , ০৬:৩০ পিএম
রাত নামলেই পথ হয়ে যায় ফাঁকা… বাতাসে ভেসে আসে এক অজানা শিহরণ। আর সেই পথের ধারে দাঁড়িয়ে থাকা একটি বটগাছ—যার ডাল কাটার পরই নাকি ঘটে মৃত্যু! এ কি কাকতালীয়, নাকি এর পেছনে লুকিয়ে আছে অদেখা কোনো রহস্য? শতবর্ষী এই গাছকে ঘিরে সত্য আর কল্পনার সীমারেখা যেন দিন দিন ঝাপসা হয়ে উঠছে।
বাগেরহাটের শরণখোলা উপজেলার লাকুড়তলা বাজার সংলগ্ন রাস্তার পাশে দাঁড়িয়ে আছে এই শতবর্ষী বটগাছটি। বহু বছর ধরে গাছটিকে ঘিরে স্থানীয়দের মধ্যে রয়েছে নানা রহস্য, ভয় ও কৌতূহল।
স্থানীয়দের দাবি, গাছটির নিচে পূজা হয়, পাশাপাশি রয়েছে সাপের বসবাসও। বিশেষ করে রাতের বেলায় এই পথ দিয়ে চলাচল করতে ভয় পান অনেকে। কেউ কেউ গাছটিকে ঘিরে রহস্যময় ঘটনার কথাও বলে থাকেন।
কয়েক বছর আগে গাছটির একটি ডাল কাটেন এক শ্রমিক। পরে তার মৃত্যু হলে নতুন করে আলোচনায় আসে বটগাছটি। এরপর থেকেই এলাকাজুড়ে ছড়িয়ে পড়ে নানা গুঞ্জন ও আলোচনা।
কেউ বলছেন এটি নিছক দুর্ঘটনা, আবার অনেকের বিশ্বাস—গাছটিকে ঘিরে থাকা রহস্যের সঙ্গেই জড়িয়ে আছে এই মৃত্যু।
তবে স্থানীয়দের মুখে মুখে এখন একটাই প্রশ্ন— শরণখোলার এই শতবর্ষী বটগাছ কি শুধুই একটি গাছ, নাকি এর আড়ালে লুকিয়ে আছে অজানা কোনো রহস্য?
আরটিভি/এমএইচজে